ডেস্ক রিপোর্ট
৭ মে ২০২১, ৫:৪৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ঈদের আগে বকেয়া বেতন-বোনাস পরিশোধ, খাদ্য, রেশন ও বিনামুল্যে চিকিৎসার দাবিতে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন ঢাকা মহানগর শাখার উদ্যোগে সমাবেশ।
আজ শুক্রবার, ০৭ মে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়
সংগঠনের ঢাকা মহানগর শাখার সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি মানস নন্দী, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সদস্য তসলিমা আকতার বিউটি, সংগঠনের ঢাকা নগর শাখার সদস্য ভজন বিশ্বাস এবং সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি সীমা দত্ত।
সমাবেশে বক্তারা বলেন, “সরকার করোনা মহামারিতে দেশের শ্রমিকদের জীবনকে ঝুঁকির মধ্যে রেখে মালিকদের স্বার্থে শিল্প-কারখানা চালু রেখেছে। অথচ, তাদেরকে ঠিকমতো বেতন-বোনাস দেওয়া হয় না। এর মধ্যে শ্রম আইনের কর্ম ঘণ্টা ও ওভারটাইম সম্পর্কিত ধারা স্থগিত করা হয়েছে, যার ফলে মালিকরা তাদের ইচ্ছামতো শ্রমিকদের উপর কাজের চাপ সৃষ্টি করে উৎপাদন বৃদ্ধির দিকে তৎপরতা চালাচ্ছে। আসন্ন ঈদের পূর্বে বেতন-বোনাস পাওয়ার অনিশ্চয়তা শ্রমিকদের এতই দুশ্চিন্তাগ্রস্ত করেছে যে, যেকোনো সময় আন্দোলনের একটা বিস্ফোরণ ঘটতে পারে। তাই আমরা শ্রমিকদের গতানুগতিকভাবে দায়ী করার পথ পরিহার করে ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি জানাচ্ছি।”
নেতৃবৃন্দ আরও বলেন, “বিজিএমইএ, বিকেএমইএ’সহ মালিকদের কয়েকটি সংগঠন এবছরও শ্রমিকদের বেতন -বোনাস পরিশোধের অজুহাত দেখিয়ে সরকারের কাছে বড় অঙ্কের প্রণোদনা প্যাকেজের প্রস্তাব করেছে। কিন্তু গত বছরের নির্মম অভিজ্ঞতা থেকে এটা বুঝতে পারি, মালিকরা মূলত ব্যবসায় দুরবস্থার কথা বলে বেতন-বোনাস থেকে শ্রমিকদের বঞ্চিত করার এবং সরকারের দেওয়া প্রণোদনার টাকা শ্রমিকদের না দিয়ে লুটপাটের পাঁয়তারা করছে। তাই মালিকদের এই অপতৎপরতা বন্ধ করতে হবে। অবিলম্বে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে মালিকদেরকে নির্দেশ দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাই।”