ডেস্ক রিপোর্ট

৪ মে ২০২১, ১১:১২ অপরাহ্ণ

শিক্ষা খাতে মোট বাজেটের ২৫ শতাংশ বরাদ্দ করার দাবি ছাত্র ইউনিয়নের

আপডেট টাইম : মে ৪, ২০২১ ১১:১২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: শিক্ষা খাতে ক্রমান্বয়ে মোট বাজেটের ২৫ শতাংশ বরাদ্দ করার দাবি জানেয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এছাড়াও কর্পোরেট প্রতিষ্ঠানের উপর সারচার্জ আরোপ করা এবং সামরিক খাতে কমিয়ে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানান নেতৃবৃন্দ।

আসন্ন বাজেটে অন্তত ১৮ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ করে ক্রমান্বয়ে তা ২৫ শতাংশে উন্নীত করাসহ ৪ দফা দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের সামনে ৪ মে বিকাল চারটায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিশ্ববিদ্যালয় সংসদ, ঢাকা মহানগর সংসদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নজির আমিন চৌধুরী জয়ের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মিখা পিরেগুর সঞ্চালনায় মানববন্ধনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাবি সংসদের সহকারী সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সংসদের ক্রীড়া সম্পাদক শিমুল কুম্ভকার বলেন, জাতিসংঘ কর্তৃক ঘোষিত এমডিজি’র লক্ষ্যমাত্রা পূরণের অন্যতম শর্ত হলো শিক্ষা খাতে জিডিপি’র অন্তত ৬ শতাংশ অথবা মোট বাজেটের অন্তত ২০ শতাংশ বরাদ্দ নিশ্চিত করা এবং এই অঙ্গীকার সরকার ২০১৫ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্ব শিক্ষা ফোরামে করে এসেছে। সরকার শুধু অঙ্গীকার ভঙ্গ করেছে তাইই নয়, উল্টো শিক্ষণ-প্রশিক্ষণ ও তথ্য-প্রযুক্তিসহ বিভিন্ন খাতের বরাদ্দকে শিক্ষা খাতের বরাদ্দ হিসেবে উপস্থাপনের নোংরা চাতুর্য প্রদর্শনেও পিছপা হয়নি।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের সহ-সভাপতি মামুন নাফিস বলেন, জাতীয় আয়ের ৬ ভাগ তো দূরের কথা, শিক্ষা খাতে জিডিপি’র দুই ২ ভাগ বরাদ্দও গত ১২ বছরে নিশ্চিত করতে পারেনি এই সরকার। আমরা অত্যন্ত ক্ষোভ ও দুঃখের সাথে খেয়াল করি যে, যুদ্ধবিধ্বস্ত ও অন্যান্য স্বল্পোন্নত দেশও বাংলাদেশের চেয়ে শিক্ষা খাতে ঢের বেশি বরাদ্দ রাখে।

সমাপনী বক্তব্যে কেন্দ্রীয় সংসদের সহকারী সাধারণ সম্পাদক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি তামজীদ হায়দার চঞ্চল বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বিশাল বাজেট কিংবা শিক্ষণ-প্রশিক্ষণ খাতের বরাদ্দকে শিক্ষা খাতের বরাদ্দ হিসেবে দেখানোর নজিরও অতীতে আমাদের সামনে স্থাপন করেছে বর্তমান সরকার। আমরা এইসব শুভঙ্করের ফাঁকি আর দেখতে চাই না। করোনার ভয়াল থাবা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছে স্বাস্থ্য খাতের ভয়াল দশা। সামরিক খাতের পাহাড়সম বরাদ্দ কমিয়ে স্বাস্থ্য খাতেও পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করা সরকারের আশু কর্তব্য।

মানববন্ধন থেকে নেতৃবৃন্দ শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির লক্ষ্যে দেশি-বিদেশী কর্পোরেট প্রতিষ্ঠানের উপর সারচার্জ আরোপের দাবিও জানান। মানববন্ধন থেকে ছাত্র ইউনিয়নের করা চার দফা হলোঃ ১। শিক্ষা খাতে মোট বাজেটের ১৮ শতাংশ বরাদ্দ করে ক্রমান্বয়ে তা ২৫ শতাংশে উন্নীত করতে হবে, ২। তথ্য-প্রযুক্তি ও শিক্ষণ-প্রশিক্ষণসহ বিভিন্ন খাতের বরাদ্দকে শিক্ষা খাতের বরাদ্দ হিসেবে দেখানো বন্ধ করতে হবে, ৩। শিক্ষা খাতের বরাদ্দ বাড়াতে দেশি-বিদেশী কর্পোরেট প্রতিষ্ঠানের উপর সারচার্জ আরোপ করতে হবে এবং ৪। সামরিক খাতে বরাদ্দ কমিয়ে স্বাস্থ্য ও শিক্ষা খাতের বরাদ্দ বাড়াতে হবে।

 

শেয়ার করুন