ডেস্ক রিপোর্ট

১৬ এপ্রিল ২০২৬, ৫:০৮ অপরাহ্ণ

পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা

আপডেট টাইম : এপ্রিল ১৬, ২০২৬ ৫:০৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ২৫ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। মাছটি ৪৮ হাজার ৪৫০ টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৭টার দিকে দৌলতদিয়ার রেজাউল মণ্ডলের আড়ৎ থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

এর আগে সকাল ৬টার দিকে ৫ ও ৬ নম্বর ফেরিঘাটের মধ্যবর্তী স্থানে পদ্মা নদীতে জেলে সুব্রত হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, ভোরে জেলে সুব্রত হালদার তার সহযোগীদের নিয়ে দৌলতদিয়ার দিকে ৫ ও ৬ নম্বর ফেরিঘাটের মধ্যবর্তী স্থানে পদ্মা নদীতে জাল ফেললে সকাল ৬টার দিকে জালে ধাক্কা লাগে। জাল তুলে তিনি দেখতে পান বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে।

পরে দৌলতদিয়া বাজারের রেজাউল মণ্ডলের আড়তে এনে ওজন দিয়ে দেখা যায়, মাছটির ওজন ২৫ কেজি ৫০০ গ্রাম। ওই আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে এক হাজার ৮০০ টাকা কেজি দরে ৪৫ হাজার ৯০০ টাকায় মাছটি কিনে নেন ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

এ বিষয়ে চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের স্বত্বাধিকারী মো. চান্দু মোল্লা বলেন, পদ্মা নদীর বড় কাতল মাছের চাহিদা রয়েছে। এ জন্য বেশি দাম দিয়ে মাছটি কিনে মোবাইলে যোগাযোগ করে ঢাকার গুলশানের এক শিল্পপতির কাছে এক হাজার ৯০০ টাকা কেজি দরে ৪৮ হাজার ৪৫০ টাকায় মাছটি বিক্রি করেছি।

শেয়ার করুন