ডেস্ক রিপোর্ট
২৬ এপ্রিল ২০২১, ১০:৪২ অপরাহ্ণ
চট্টগ্রাম প্রতিনিধি:: চট্টগ্রামে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগে মো. মহসিন নামে এক চিকিৎসককে আটক করেছ পুলিশ। রোববার দিবাগত গভীর রাতে নগরীর দক্ষিণ শুলকবহর এলাকার মোজাম্মেল ম্যানশন ভবনের দ্বিতীয় তলা থেকে অভিযুক্ত চিকিৎসককে আটক করা হয়।
নির্যাতনের শিকার চিকিৎসকের স্ত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্ত্রী সানজিদা সুলতানা থানায় স্বামীসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ডা. মো. মহসিন নগরীর একটি বেসরকারি হাসপাতালে কমর্রত আছেন।
পাঁচলাইশ থানার ওসি আবুল কাসেম ভুঁইয়া বলেন, যৌতুকের জন্য একাধিকবার চিকিৎসক স্বামীর নির্যাতনের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ করেন স্ত্রী। অভিযোগের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে আটক করা হয়েছে। এটি পারিবারিক বিষয় হওয়ায় সার্বিক দিক পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
২০২০ সালে পারিবারিকভাবে সানজিদার সঙ্গে বিয়ে হয় ডা. মো. মহসিনের। বিয়ের পর থেকে প্রায় সময় সানজিদার ওপর স্বামী নির্যাতন চালাতো বলে অভিযোগ। সর্বশেষ মোটরসাইকেল দাবি করে নির্যাতন করলে পাঁচলাইশ থানায় অভিযোগ দায়ের করেন স্ত্রী।