ডেস্ক রিপোর্ট
২৫ এপ্রিল ২০২১, ৭:৩৪ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বাঁশখালীতে হত্যাকান্ডের বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, আহত ও নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ, লকডাউনে রাষ্ট্রীয় দায়িত্বে খাদ্য-চিকিৎসা-পূর্ণাঙ্গ রেশনিংয়ের দাবিতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এর উদ্যোগে রোববার ২৫ এপ্রিল সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেস ক্লাবের এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এর সহ-সভাপতি চৌধুরী আশিকুল আলম ও পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত।
বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এর সাধারণ সম্পাদক ব্রিগে.জেনা.(অব) এম জাহাঙ্গীর হোসাইন, সহ-সভাপতি খলিলুর রহমান, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের সভাপতি শ্যামল কুমার ভৌমিক।
বক্তারা বলেন, ১৯৫০ সালের ২৪ এপ্রিল রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডে নিরস্ত্র কারাবন্দি ৭ জন কমিউনিস্ট বিপ্লবী নেতাকে গুলিকরে হত্যা, ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ভবন ধ্বসে সহস্রাধিক শ্রমিকের মৃত্যু, ১৭ এপ্রিল ২০২১ চট্টগ্রামের বাঁশখালীতে ৫ জন শ্রমিককে গুলি করে হত্যা, পুরান ঢাকার আরমানিটোলায় রাসায়নিক দ্রব্যের গুদামে অগ্নিকান্ডে ৪ জনের মৃত্যু, করোনা মোকাবেলায় কঠোর বিধিনিষেধের নামে লকডাউনে খাদ্য, চিকিৎসা ও পূর্ণাঙ্গ রেশনিংয়ের ব্যবস্থা না করে জোর করে মানুষকে গৃহবন্দি করে রাখাসহ বিভিন্ন ঘটনার প্রেক্ষাপট ও সময়কাল ভিন্ন থাকলেও মূলসূত্র একই আর তা হচ্ছে প্রচলিত শোষণমূলক স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। আজ তাই প্রয়োজন জীবন ও জীবিকার নিরাপত্তা, স্বাধীনতা ও মুক্তির লক্ষ্যে স্বৈরাচারী শাসন ও স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার বিপরিতে জাতীয় গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় শ্রমিক-কৃষক তথা ব্যাপক জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা।