ডেস্ক রিপোর্ট
২৪ এপ্রিল ২০২১, ১০:৪৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: চট্টগ্রামের বাঁশখালীতে আবারও গুলি চলেছে। এবার ধান কাটাকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (২৪ এপ্রিল) উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বাদামতলী এলাকায় এ ঘটনা ঘটে।
চ্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার এ তথ্য জানিয়েছেন। গুলিবিদ্ধ তিনজনকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
গুলিবিদ্ধরা হলেন মো. শাহ আলম (৬০), মো. আবু সালাম (৩৫) ও আব্দুল আলিম (১৪)।
আলাউদ্দীন তালুকদার বলেন, জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় ওই তিনজন গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়। বর্তমানে তারা হাসপাতালের ২৪ নম্বর সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
গুলিবিদ্ধদের স্বজনদের বরাত দিয়ে তিনি আরও বলেন, আহতদের স্বজনরা জানিয়েছে কৃষি জমি নিয়ে বাদাতমতলী এলাকার হোসেন মাঝির সঙ্গে আহত মো. শাহ আলমের বিরোধ ছিল। স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে এ বিরোধ সমাধান করলে মো. শাহ আলম জায়গাটি পান। চেয়ারম্যানের আদেশে জমিতে চাষাবাদ করে শাহ আলম। আজ সকালে ধান কাটতে গেলে হোসেন মাঝির লোকজন তাদের বাধা দেয়। এই সময় প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হন।
উল্লেখ্য, এই উপজেলায় গত সপ্তাহে চীনা কর্তৃপক্ষের কিছু নিয়মের প্রতিবাদ করায় বিদ্যুৎ শ্রমিকদের ওপর গুলির ঘটনা ঘটে। এতে কয়েকজন শ্রমিক প্রাণ হারান।