ডেস্ক রিপোর্ট
২ এপ্রিল ২০২১, ২:৩৫ অপরাহ্ণ
সাভার প্রতিনিধি:: সাভারে পেঁয়াজ বোঝাই একটি ট্রাকে অভিযান চালিয়ে ৯০ লাখ টাকার হেরোইন জব্দ করা হয়েছে। একইসঙ্গে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার রাতে সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় হেরোইন বহনকারী ট্রাকটিও জব্দ করাহয়। শুক্রবার সকালে র্যাবের সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।
আটকরা হলেন- চাপাইনবাবগঞ্জের মো. নবাব ও রাজশাহীর নাহিদ ইসলাম।
র্যাব জানায়, আমিনবাজার এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে এমন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে অভিযান চালায় র্যাবের একটি চৌকস দল। এসময় সন্দেহভাজন একটি পেঁয়াজ ভর্তি ট্রাকে তল্লাশি চালিয়ে ৯০ লাখ টাকার; ৮৮০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এসময় দুই মাদক ব্যবসায়ীকেও আটক করা হয়। জব্দ করা হয় ব্যবহৃত ট্রাকটিও।
সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ট্রাকে করে পেঁয়াজ পরিবহনের আড়ালে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য এনে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করতেন।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে তাদের।