ডেস্ক রিপোর্ট
৯ নভেম্বর ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচার, ক্ষতিগ্রস্থ পরিবারকে আজীবন আয়ের মানদণ্ডে ক্ষতিপূরণ প্রদান, হয়রানী-দমন-পীড়ন বন্ধ, গ্রেফতারকৃত শ্রমিক ও শ্রমিক নেতৃবৃন্দের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং পে-স্কেল ও জীবনযাপন ব্যয় বিবেচনায় গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকা ঘোষণার দাবিতে আজ ৯ নভেম্বর ২০২৬ তারিখ, সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ এবং সমাবেশ শেষে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান বরাবর মজুরি প্রস্তাবনা জমা প্রদানের কর্মসূচী পালন করে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট।
গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি খালেকুজ্জামান লিপন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. সৌমিত্র কুমার দাস, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম শরিফ, দপ্তর সম্পাদক হাসনাত কবির, নির্বাহি সদস্য নুর হোসেন সর্দার ও রুহুল আমিন সোহাগ প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ২০২৩ সালে যখন গার্মেন্টস শ্রমিকদের মজুরি ১২৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল সেই সময়েই বিবিএস এর খনা জরিপের যে ফলাফল বেরিয়েছিল তা প্রমাণ করেছিল শ্রমিকের পরিবার পরিজন নিয়ে মৌলিক চাহিদা পূরণের জন্য যে ব্যয় প্রয়োজন তা প্রাপ্ত মজুরি দিয়েপূরণ হয়না। তারপর, প্রতিবছরে যে পরিমাণ মুদ্রাস্ফীতি ঘটেছে, নিত্যপণ্যের মূল্য যে পরিমাণে বেড়েছে সেই পরিমাণ মজুরি বৃদ্ধি না ঘটায় প্রতিনিয়ত চাহিদা বৃদ্ধির বিপরীতে আয় কমেছে যা শ্রমিকদের প্রায় অর্ধভূক্ত অবস্থায় জীবনযাপন করতে বাধ্য করেছে। তারওপর, অসুস্থতা কিংবা জরুরী প্রয়োজনে ছুটি না পাওয়া, ওভার টাইমের মজুরি কিংবা মাসিক মজুরি নিয়মিত পরিশোধ না করা, অতিরিক্ত কাজের চাপ, সিন্ডিকেট করে চাকরি অবসানে প্রাপ্য পাওনা পরিশোধ না করা, হয়রানী এবং প্রতিবাদ করলে চাকরিচ্যূতি এবং ব্লাক লিষ্টিংসহ শ্রমিকদের চরম অনিশ্চয়তার মধ্যে ঝুঁলিয়ে রেখে তিব্র শ্রম শোষণের যন্ত্রণায় অতিষ্ঠ শ্রমিকরা বৈষম্য বিলোপের প্রতিশ্রুতিতে ন্যায্যতার প্রত্যাশায় ২০২৪ সালের গণ অভ্যূত্থানে লাখ লাখ শ্রমিক অংশগ্রহণ করেছে, কয়েকমত শ্রমিক জীবন দিয়েছে যা একক ভাবে সর্বোচ্চ সংখ্যক। স্বাভাবিক ভাবেই শ্রমিকরা প্রত্যাশা করেছিল, অভ্যূত্থান পরবর্তী রাষ্ট্র পরিচালনাকারীরা নিজ উদ্যোগে মজুরিকে জীবনযাপন ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ করবে। কিন্তু, রাষ্ট্র তা করেনি বরং শ্রম আইন সংশোধন হওয়ার পরে মজুরি পুণনির্ধারণের প্রক্রিয়া শুরু করার সময় হলেও পোশাক শিল্প মালিকরা তা অস্বীকার করার চেষ্টা করেছে যা শ্রমিকদের কে ক্ষুদ্ধ করে তোলে। বেশ কিছু কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নামলে সমস্যার তাৎক্ষণিক সমাধান করতে উদ্যোগ গ্রহণ না করায় এবং সুষ্ঠ শিল্প সম্পর্কের চর্চার সুযোগ না থাকায় এবং আন্দোলনের নিয়মতান্ত্রিক উপায় সম্পর্কে অজ্ঞতার কারণে আন্দোলনগুলি এক পর্যায়ে নিম্নতম মজুরি ঘোষণার দাবির আন্দোলনে পরিণত হয়েছে আর আন্দোলন কে অযুহাত করে একর পর এক গার্মেন্টস কারখানা বন্ধ ঘোষণার ফলে লাখ লাখ শ্রমিক কারখানা ছেড়ে রাস্তায় নেমে এসেছিল। লাঠি চার্জ, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলন দমন করতে যেয়ে পরিস্থিতি আরও অবনতি হয়েছে। হাজার হাজার শ্রমিকের নামে মামলা দয়ের করা হয়েছে, বাড়ি বাড়ি যেয়ে গার্মেন্টস শ্রমিকদের পুলিশের হয়রানি করার ভিডিও ভাইরাল হয়েছে, গ্রেফতার করা হয়েছে বেশ কিছু শ্রমিক, আহত হয়েছে শতশত শ্রমিক, একজন শ্রমিক মৃত্যুবরণও করেছেন। শ্রমিকদের এই যন্ত্রনাকে ধারণ না করে শ্রমিক অসন্তোষ কে চক্রান্ত বা আইন শৃঙ্খলার সমস্যা হিসাবে চিহ্নিত করার চেষ্টা এই শিল্পকে দায়িত্বশীল শিল্পের পরিবর্তে দাস ব্যবস্থার প্রতিক হয়ে উঠবে যা শিল্পের জন্য মঙ্গলজনক হবে না।
নেতৃবৃন্দ আরো বলেন, একজন শিল্পপতী প্রকাশ্যে বলেছেন, কিছু অব্যবস্থাপনা বন্ধ করতে পারলে তারা শ্রমিকদের ৪০ হাজার টাকা পর্যন্ত মজুরি দিতে পারবেন যা শিল্পের সক্ষমতার স্বীকারোক্তি। তাই, আমরা প্রত্যাশা করি পোশাক শিল্পের জন্য গঠিত মজুরি বোর্ড, শ্রমিকদের জীবনমান বিকশিত করা, বাজার দরের সাথে সঙ্গতি বিধান করা এবং সরকার ঘোষিত পে স্কেলের সর্বশেষ ধাপের সাথে সঙ্গতি রেখে শ্রমিকদের মজুরী নির্ধারণের পদক্ষেপ গ্রহণ করবে। নেতৃবৃন্দ, গার্মেন্টস আন্দোলনে নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ প্রদান, আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা, আন্দোলনের কারণে শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহার, গ্রেফতারকৃত শ্রমিক ও শ্রমিক নেতৃবৃন্দের মুক্তি এবং দমন পীড়ন বন্ধ এবং আন্দোলনের অজুহাতে শ্রমিকদের চাকুরিচ্যুত করা, ব্লাক লিস্টিং বন্ধ করার দাবি জানিয়ে বলেন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট ৩৭ হাজর টাকা নিম্নতম মজুরি নির্ধারণ কে যৌক্তিক মনেকরে তবে, জোটগত ভাবে যৌক্তিক দাবি উত্থাপিত হলে তা সমর্থন করবে। বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে এবং মজুরি বোর্ডের চেয়ারম্যানের কাছে খালেকুজ্জামান লিপন, সেলিম মাহমুদ ও অ্যাড. সৌমিত্র কুমার দাস কে নিয়ে গঠিত ৩ সদস্যের টিম স্মারকলিপি জমা প্রদান করেন।