ডেস্ক রিপোর্ট
৮ মে ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক: নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর মায়ের কোলে ফিরেছে বরিশাল কালেক্টরেট স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সৌরভ দাস শান। কক্সবাজার থেকে উদ্ধার করার পর বৃহস্পতিবার (৭ মে) দুপুরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মায়ের জন্য খিচুড়ি কিনতে বের হয়ে নিখোঁজ হওয়া সৌরভ দাস শানকে ৪ দিন পর বুধবার কক্সবাজার থেকে উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উদ্ধার হওয়া শানকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে নেওয়া হয়। সেখানে আয়োজিত সংবাদ সম্মেলনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইন জানান, গত ২ মে রাত সাড়ে ৯টার দিকে শান মায়ের মোবাইল ফোন নিয়ে বাসা থেকে খিচুড়ি কিনতে বের হয়। পরে নগরীর ভাটিখানা মন্দির এলাকার একটি বিকাশের দোকান থেকে সাড়ে আট হাজার টাকা উত্তোলন করে। এরপর থেকেই সে নিখোঁজ ছিল।
তিনি বলেন, ঘটনার পরপরই পুলিশের একাধিক টিম তদন্তে নামে। বুধবার (৬ মে) কক্সবাজারের ঈদগাঁও থানা এলাকা থেকে শানকে উদ্ধার করা হয়। তবে তার নিখোঁজ হওয়ার ঘটনাটি এখনও তদন্তাধীন রয়েছে।
বরিশাল কালেক্টরেট স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র সৌরভ দাস শান জানায়, টাকা তোলার পর খিচুড়ির অর্ডার দিয়ে হাঁটাহাঁটির সময় এক ব্যক্তি তাকে একটি কাগজ দেখিয়ে ঠিকানা জানতে চান। এরপর থেকে তার আর কিছু মনে নেই। পরে সে নিজেকে একটি ব্রিজের নিচে শুয়ে থাকতে দেখে। সেখানে এক নারী ও এক পুরুষের সঙ্গে কথা বলে জানতে পারে, সে কক্সবাজারে অবস্থান করছে।
এদিকে শানকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। পুলিশসহ উদ্ধারকাজে সহযোগিতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানান সৌরভ দাসের মা মিতু রানী।
এর আগে নিখোঁজ হওয়ার ৪ দিন পর বুধবার কক্সবাজারের ঈদগাঁও থানা এলাকা থেকে তাকে উদ্ধার করে স্থানীয় পুলিশ। পরে বরিশালের কাউনিয়া থানা পুলিশ তাকে বরিশালে নিয়ে আসে।
সৌরভ দাস শানের নিখোঁজ হওয়ার ঘটনায় বরিশালজুড়ে অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।