ডেস্ক রিপোর্ট
১৫ জুন ২০২১, ৭:১৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: সাভার ইপিজেডে শ্রমিক জেসমিন হত্যা ও আশুলিয়ায় বয়লার বিস্ফোরনে ৫ জন অগ্নিদগ্ধ হয়ে মারাত্মক আহত ও দু’জন শ্রমিক হাসান ও রাশেদুল হত্যার প্রতিবাদে আজ মঙ্গলবার, ১৫ই জুন, ২০২১ বিকেল ৪টায় বিক্ষোভ সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন।
জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের সমন্বয়কারী শহীদুল ইসলাম সবুজ, বক্তব্য রাখেন অধিকার আন্দোলনের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের অন্যতম শ্রমিক নেতা এ্যাড. মাহবুবুর রহমান ইসমাইল, তাসলিমা আকতার লিমা, শামীম ইমাম, প্রকাশ দত্ত, এএএম ফায়েজ হোসেন, সীমা দত্ত প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা গত ১৩ জুন ২০২১ সাভার ইপিজেডে নেলী ফ্যাশনের আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশী নির্যাতন এবং গুলি চালানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা বলেন- ‘অবৈধভাবে বন্ধ করে দেয়া নেলী ফ্যাশনের শ্রমিকদের বকেয়া পাওনা ও কারখানা খুলে দেয়ার দাবিতে শ্রমিকরা আগে থেকেই আন্দোলন করে আসছিলেন।
মালিকপক্ষ ও বেপজা শ্রমিকদের দাবির বিষয়ে কর্ণপাত না করায় শ্রমিকরা দাবি আদায়ে ঐদিন সকাল ৭ টায় বাধ্য হয়ে ইপিজেডের রাস্তায় নেমেছিল। কিন্তু পুলিশ বিনা উস্কানিতে আন্দোলনরত শ্রমিকের উপর নির্বিচারে লাঠিচার্জ, জলকামান, কাঁদানেগ্যাস ও গুলি ছোড়ে।
সকালে অফিস সময়ে ইপিজেডের সকল কারখানার শ্রমিকরা একই পথে তাদের কর্মস্থলে যাচ্ছিলেন। পুলিশের নির্বিচার হামলা ও গুলিবর্ষণের হাত থেকে জীবন বাঁচাতে শ্রমিকরা ছোটাছুটি করতে থাকেন। তাদের মধ্যে গোল্ডটেক্স কারখানার শ্রমিক জেসমিন মাথায় মারাত্মক আঘাত নিয়ে হাসপাতালে যাওয়ার আগেই মারা যান।’
বক্তারা বলেন- কারখানা কর্তৃপক্ষ, বেপজা শ্রমিকদের দাবি মেনে না নিয়ে বরং পুলিশ লেলিয়ে দিয়ে শ্রমিক হত্যায় মেতে উঠেছে। এ হত্যার দায় বেপজা ও রাষ্ট্রকেই নিতে হবে। বক্তারা গত ৩রা জুন আশুলিয়ার কুটুরিয়া এলাকার এস.ডি.এস ইয়ার্ন ডাইং কারখানায় ত্রুটিপূর্ণ বয়লার বিস্ফোরনের নামে ৫ জন শ্রমিক মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়ে আহত এবং ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শ্রমিক হাসান ও রাশেদুল নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসডিএসের শ্রমিকরা বহু আগে থেকেই বয়লারের ত্রুটি মেরামতের দাবি করলেও কর্তৃপক্ষ তা না করে শ্রমিকদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। নেতৃবৃন্দ ইপিজেড ও আশুলিয়ায় এই তিন শ্রমিকের মৃত্যুর জন্য দায়ীদের গ্রেফতার, বিচার এবং প্রত্যেকের জন্য এক জীবনের সমপরিমাণ ক্ষতিপূরণ দাবি করেন।