ডেস্ক রিপোর্ট

১২ ডিসেম্বর ২০২৩, ১১:৫০ অপরাহ্ণ

সরকারের পদত্যাগই সুষ্ঠু ভোটের গ্যারান্টি: রিজভী

আপডেট টাইম : ডিসেম্বর ১২, ২০২৩ ১১:৫০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: নির্বাচনকে অবাধ, সুষ্ঠু করতে বর্তমান সরকারপ্রধানের পদত্যাগের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনকে মাটি চাপা দিয়েছে। গোরস্তানে পাঠিয়েছে। তারা অংশগ্রহণমূলক নির্বাচনে বিশ্বাসী নয় বলে উপহাস, তামাশা ও তাচ্ছিল্য করছে। আওয়ামী লীগের অধীনে কখনও অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি হচ্ছে এই সরকারের পদত্যাগ। সেখানে দলনিরপেক্ষ ব্যক্তিকে প্রধান করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার অধীনেই কেবল শান্তিপূর্ণ, সুষ্ঠু নির্বাচন হতে পারে।

মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। তিনি আরও বলেন, নির্বাচনের জন্য এখন রাষ্ট্রযন্ত্র, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রতিবেশী রাষ্ট্রের শক্তিকে ব্যবহার করা হচ্ছে। বিষয়টি দিন দিন সুস্পষ্ট হয়ে উঠছে। বাংলাদেশের মানুষ এখন পরাধীন।

বিএনপির শীর্ষ এই নেতা বলেন, কয়েকটি দেশ রয়েছে, তারা বাংলাদেশের কৃষ্টি-কালচার, সংস্কৃতির ধার ধারে না। এখানে একটা অর্থনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে। সেটা বজায় রাখতে রাজনৈতিক আধিপত্য বিস্তার করতে হবে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার মাধ্যমে। সে জন্য আওয়ামী লীগ কাউকে তোয়াক্কা করছে না। এই পরিস্থিতি থেকে উত্তরণ করতে হলে গণতন্ত্রের আন্দোলন আরও বেগবান করতে হবে।

রিজভী জানান, সোমবার দুপুর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত সারাদেশে ২৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৭ মামলায় আসামি করা হয় ৮৭০ জনকে।

শেয়ার করুন