ডেস্ক রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৩, ১০:৫৯ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে উইমেন্স ক্যারিয়ার কার্নিভ্যালে ট্রান্সজেন্ডার অধিকারকর্মী হো চি মিন ইসলামের উপিস্থিতি ঠেকাতে শিক্ষার্থীদের একাংশের আন্দোলন ও তাঁর বক্তব্য দিতে না পারার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
সংগঠনটি মনে করে, তাঁকে আমন্ত্রণ জানিয়েও পরে বক্তা তালিকা থেকে বাদ দেওয়ায় তাঁর গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন করা হয়েছে।
সোমবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানুর সই করা বিবৃতিতে বলা হয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে হিরোজ ফর অল এবং আই সোশ্যাল আয়োজিত উইমেন্স ক্যারিয়ার কার্নিভ্যালে হো চি মিন ইসলামকে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একাংশ তাঁর উপস্থিতি প্রতিহত করতে আন্দোলন শুরু করেন এবং পরীক্ষা বর্জনের হুমকি দেয়। এক পর্যায়ে নিরাপত্তার অজুহাতে বক্তা তালিকা থেকে হো চি মিনকে বাদ দেয় অয়োজক সংস্থা। এর মাধ্যমে তাঁর গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন করা হয়েছে।
মহিলা পরিষদ জানায়, জাতিসংঘের এসডিজির লক্ষ্যমাত্রা অনুযায়ী বাংলাদেশের অঙ্গীকার হলো, কাউকে পিছিয়ে রাখা যাবে না। সেখানে হো চি মিনের বক্তব্য রাখার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন অগ্রহণযোগ্য এবং মানবাধিকারের পরিপন্থি। এর দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এড়াতে পারে না।
মহিলা পরিষদ মনে করে, শিক্ষাপ্রতিষ্ঠান ধর্ম, বর্ণ, লিঙ্গ সব ক্ষেত্রে সমান অধিকার নিশ্চিত করবে। শিক্ষার্থীদের মানস গঠনেও বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা রাখা প্রয়োজন। প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা ও মানবাধিকার রক্ষায় সবার প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে।