ডেস্ক রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৩, ১২:১২ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক: কুমিল্লার লালমাইয়ে ঘরের ওপর গাছ পড়ে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (১৭ নভেম্বর) রাতে ঘূর্ণিঝড় মিধিলি চলাকালীন সময়ে লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের ধানোরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ধানোরা গ্রামের বাসিন্দা মৃত আলী আহমদের ছেলে মো. ইয়াসিন (৪৫) এবং পার্শ্ববর্তী বাড়ির রমিজ উদ্দিনের স্ত্রী মোছা. আনোয়ারা বেগম (৭০)।
শনিবার (১৮ নভেম্বর) বিকেলে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌমিতা দাস দুই নিহতের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ঘূর্ণিঝড় চলাকালে তাদের ঘরের ওপর গাছ পড়লে ঘুমন্ত অবস্থায় দুজনের মৃত্যু হয়। শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে ইয়াছিন ও রাত ৩টার দিকে আনোয়ারা নিহত হন। ঘূর্ণিঝড়ের কারণে এলাকায় বিদ্যুৎ সংযোগ না থাকায় এবং মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ায় খবরটি আমরা শনিবার দুপুরে জানতে পেরেছি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করি। দুই পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হয়েছে।