ডেস্ক রিপোর্ট
৩ জুন ২০২১, ৪:৩১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: আলাউদ্দিন বাবুর হ্যাটট্রিকে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে সহজ জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। মিজানুর রহমানের দল জিতেছে ৮ উইকেটে। বৃষ্টিতে দুই দলের প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।
বৃহস্পতিবার ‘হোম অব ক্রিকেট’ খ্যাত শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে রূপগঞ্জ। ১৯.১ ওভারে ১১১ রানে অলআউট হয় তারা। ব্যাট হাতে যা একটু লড়াই করেন অধিনায়ক নাঈম ইসলাম। ২৮ বলে ৪ চার ও ১ ছয়ে ৩৮ রান করেন তিনি। এ ছাড়া ১৮ বলে ১ চার ও ১ ছয়ে ২৩ রান রান আসে সাব্বির রহমানের ব্যাট থেকে।
লক্ষ্য তাড়া করতে নেমে ১৫.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১১২ রান করে জয় তুলে নেয় ব্রাদার্স। ব্যাট হাতে ঝড় তোলেন মিজানুর। ব্রাদার্স অধিনায়ক-ওপেনার ৫২ বলে ৮ চার ও ৩ ছয়ে করেন ৭৪ রান। আরেক ওপেনার জুনাঈদ সিদ্দিকী করেন ২১ রান।
বল হাতে ৩.১ ওভারে ২১ রান দিয়ে ৪ উইকেট নেন ব্রাদার্সের পেসার আলাউদ্দিন বাবু। টি-টোয়েন্টি ক্রিকেটে এটির তার সেরা বোলিং ফিগার। ইনিংসের প্রথম ওভার করতে এসে শেষ বলে রূপগঞ্জের ওপেনার আজমির আহমেদকে ফেরান তিনি। এরপর নিজের তৃতীয় ওভার করতে এসে পঞ্চম ও ষষ্ঠ বলে সাজঘরে ফেরান মুক্তার আলী ও সোহাগ গাজীকে। নিজের পরের ওভারের প্রথম বলে নাবিল সামাদকে আউট করে হ্যাটট্রিক পূরণ করেন আলাউদ্দিন বাবু। বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে কুড়ি ওভারের ক্রিকেটে হ্যাটট্রিক পেলেন এই ডানহাতি পেসার।
বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে আলাউদ্দিন বাবুর আগে আরও পাঁচটি হ্যাটটিক হয়েছে। তার মধ্যে দুটি করেন আল আমিন হোসেন। ২০১৩ সালে আবাহনী ও ২০১৫ সালে সিলেট সুপার স্টার্সের বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি। ২০১৯ সালে রংপুর রাইর্ডার্সের বিপক্ষে হ্যাটট্রিক করেন আলিস আল ইসলাম। একই বছর বিকেএসপির বিপক্ষে হ্যাটট্রিক করেন মানিক খান। ২০২০ সালে রাজশাহীর বিপক্ষে হ্যাটট্রিক করেন কামরুল ইসলাম রাব্বি।
সংক্ষিপ্ত স্কোর
লিজেন্ডস অব রূপগঞ্জ: ১১১/১০ (ওভার: ১৯.১; নাঈম ইসলাম ৩৮, সাব্বির রহমান ২৩, সানজামুল ইসলাম ১৩); আলাউদ্দিন বাবু ২১/৪, সুজন হাওলাদার ১৪/২ সাকলাইন সজীব ২২/২
ব্রাদার্স ইউনিয়ন: ১১২/২ (ওভার: ১৫.৩; মিজানুর রহমান ৭৪, জুনাইদ সিদ্দিকী ২১, জাহিদুজ্জামান ১১*); মোহাম্মদ শহীদ ২৪/১, সানজামুল ইসলাম ২৬/১