ডেস্ক রিপোর্ট

৩ জুন ২০২১, ২:০১ অপরাহ্ণ

৩ বাসদ নেতাসহ তিনশ জনকে আসামি করে সিসিকের মামলা

আপডেট টাইম : জুন ৩, ২০২১ ২:০১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সিলেট সিটি করপোরেশনের কর্মচারীদের সাথে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে।

বুধবার মধ্যরাতে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) লাইসেন্স শাখার কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বাদি হয়ে সিলেট কোতোয়ালি মডেল থানায় এ মামলাটি দায়ের করেন।

মামলায় তিনশ’ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর তিন নেতা রয়েছেন। তারা হলেন, বাসদ সিলেটের সমন্বয়ক আবু জাফর, সদস্য জুবায়ের আহমদ চৌধুরী, প্রণব জ্যোতি পাল এবং আরও প্রায় অজ্ঞাত ৩ শ জনকে আসামি করা হয়েছে।

রাত ১২ টার দিকে এই মামলা দায়ের করা হয় বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ।

বুধবার (২ জুন) বেলা আড়াইটার দিকে সিসিক কর্মচারী ও নগরীর ব্যাটারিচালিত রিকশাচালকদের মধ্যে আধাঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এসময় দুপক্ষই ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে। সিসিকের ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযানের জের ধরে এ সংঘর্ষ ঘটে।

গত ৩ দিন থেকে ব্যাটারিচালিত অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযানে নেমেছে সিটি করপোরেশন। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে কোর্ট পয়েন্টসহ নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বেশ কয়েকটি ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়।

খবর পেয়ে বেলা ২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরভবনের সামনে কামরান চত্বরে রিকশাচালকরা অবস্থান নেন। এসময় রিকশা চালক ও সিসিক কর্মচারীদের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ হয়। একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষের পর নগরভবনে বিকেল ৪ টায় সিসিক কাউন্সিলরদের নিয়ে জরুরি বৈঠক করেন মেয়র আরিফুল হক চৌধুরী। সভায় রিকশাচালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সিদ্ধান্ত হয়- বৃহস্পতিবার থেকে নগরীর প্রতিটি রাস্তায় ওয়ার্ড কাউন্সিলরদের নেতৃত্বে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে সাড়াশি অভিযান চালানো হবে।

শেয়ার করুন