ডেস্ক রিপোর্ট

২ এপ্রিল ২০২১, ২:৫১ অপরাহ্ণ

সিলেটে ‘বিপ্লবের গান’ নাটকের প্রদর্শনী দেখে দর্শকরা মুগ্ধ

আপডেট টাইম : এপ্রিল ২, ২০২১ ২:৫১ অপরাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:: সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আয়োজনে দুই মাস ব্যাপী একুশের আলোকে নাট্য প্রদর্শনীতে আজ শনিবার রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়ামে সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হয় দর্পণ থিয়েটার প্রদর্শিত ‘বিপ্লবের গান’ নাটক। নাটক শুরুর পূর্বে বিশ্বনাট্য দিবস উপলক্ষে আন্তর্জাতিক বাণী পাঠ করেন নাট্য পরিষদের নির্বাহী সদস্য ফারজানা সুমি।

কালাম মাহমুদ এর রচনায় এনায়েতুল ইসলাম লাভলু’র নির্দেশনায় মঞ্চস্থ ‘বিপ্লবের গান’ নাটকটি মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন হল ভর্তি দর্শক। স্বাস্থ্যবিধি মেনে দর্শক উপভোগ করেন নাটকের সফল প্রযোজনাটি। সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় দুইমাস ব্যাপী নাট্য প্রদর্শনীতে স্বাস্থ্যবিধি মেনে দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

নাটক মঞ্চায়ন শেষে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতায় নাট্য পরিষদের পক্ষ থেকে দর্পণ থিয়েটারকে উৎসব স্মারক ও উত্তরীয় প্রদান করেন সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক নাট্যজন অরিন্দম দত্ত চন্দন ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু। নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় মঞ্চে ছিলেন পরিষদের কোষাধ্যক্ষ ইন্দ্রানি সেন।

নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন রাহুল রাজ নাথ, নিরুপম ঘোষ, জাকির হোসেন, নাহিদ পারভেজ বাবু, সুপ্রিয় দেব শান্ত, অতনু দে, জয়শ্রী দাম, শাহরিয়ার রাহমান আপেল ও মহাশ্বেতা দেব শশী। একুশের আলোকে নাট্য প্রদর্শনী আগামী ৩১ মার্চ বুধবার নাটক মঞ্চায়নের মাধ্যমে শেষ হবে। সমাপনী দিন মুক্তিযুদ্ধ ভিত্তিক ‘বধ্যভূমিতে শেষ দৃশ্য’ নাটক মঞ্চায়ন করবে নাট্যমঞ্চ সিলেট।

শেয়ার করুন