ডেস্ক রিপোর্ট

১২ জুন ২০২৩, ১১:৩২ অপরাহ্ণ

জামায়াত নিয়ে সরকার দ্বিচারিতা শুরু করেছে: গণতন্ত্র মঞ্চ

আপডেট টাইম : জুন ১২, ২০২৩ ১১:৩২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক : জামায়াতে ইসলামীকে নিয়ে সরকার দ্বিচারিতা শুরু করেছে—এ বক্তব্য দিয়েছে গণতন্ত্র মঞ্চ। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা এই জোটের নেতারা বলেছেন, সরকার আন্দোলনে বিভ্রান্তি তৈরি করতে চায়। এ কারণে সরকার জামায়াতকে নিয়ে দ্বিচারিতা করছে।

আজ সোমবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশে ওই জোটের নেতারা এসব কথা বলেন। সম্প্রতি গণতন্ত্র মঞ্চ ঢাকা থেকে দিনাজপুর অভিমুখে রোডমার্চ করেছে। ওই কর্মসূচিতে বগুড়ায় হামলার ঘটনা ঘটেছিল। এর প্রতিবাদে গণতন্ত্র মঞ্চ আজ ঢাকায় এ সমাবেশ করে।

সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, হামলা, আক্রমণ ও বাধা দিয়েও গণতন্ত্র মঞ্চের রোডমার্চকে বন্ধ করা যায়নি। রোডমার্চ আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তুলছে।

সরকার আন্দোলনে বিভ্রান্তি তৈরি করতে চায় বলে মন্তব্য করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, জামায়াত নিয়ে সরকার দ্বিচারিতা শুরু করেছে। গণতান্ত্রিক ধারার রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটেছে। কিন্তু দমন–নিপীড়ন চালিয়ে ও নানা রাজনৈতিক খেলায় সরকারের এবার শেষ রক্ষা হবে না।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম জানান, এবারের আন্দোলন সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনের।

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সহসভাপতি সিরাজ মিয়া, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়াসহ প্রমুখ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামালউদ্দিন পাটোয়ারীসহ প্রমুখ।

শেয়ার করুন