ডেস্ক রিপোর্ট
৪ এপ্রিল ২০২৩, ৬:৪৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ০৪ এপ্রিল ২০২৩ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ঘন ঘন অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটন করার দাবি জানিয়েছেন।
বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, এক সময় ঢাকা শহরে শতাধিক খাল ও পুকুর ছিল। আজ বেশিরভাগ ডোবা, জলাশয়, খাল, পুকুর ভরাট করে তথা কথিত উন্নয়ন ঘটনানো হয়েছে। আর আজ যখন বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পানির প্রয়োজন হলো, তখন আশপাশে কোথায়ও পানি না পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও তেজগাঁও হাতির ঝিল এলাকা থেকে পানি এনে আগুন নিভানো কাজ করতে হচ্ছে। এতে অনেক সময় চলে গেল এবং কোটি কোটি টাকার সম্পদের ক্ষতি হয়ে গেল।
বিবৃতিতে তিনি বলেন, এই সমস্ত অগ্নিকাণ্ডের ঘটনায় প্রমাণিত হয় দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের অবহেলা, অগ্নি নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং সক্ষমতা কত কম। তিনি বঙ্গবাজারে অগ্নিকান্ডে সর্বস্ব হারানো মানুষের প্রতি সহানুভুতি প্রকাশ করেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে কারণ উদ্ঘাটন, ক্ষতির পরিমাণ নির্ধারণ করে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।