ডেস্ক রিপোর্ট
২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৭ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক: বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা ১১ দিনের মাথায় আরেক দফা বিদ্যুতের মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছেন বলেছেন, সরকারের কাছে সাধারণ জনগণের জীবনের কোন মূল্য নেই।
তিনি বলেন, “নিত্য প্রয়োজনীয় জিনিসের অসহনীয় মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ যখন ভীষণভাবে দুর্দশাগ্রস্থ ও বিপন্ন জীবন—যাপন করছে, ঠিক সেই পরিস্থিতিতে গত ১২ জানুয়ারি একবার এবং আজ থেকে কার্যকর হবে একই মাসের দ্বিতীয় দফা বৃদ্ধি করা বিদ্যুতের দাম। এই মূল্যবৃদ্ধি স্বাভাবিকভাবেই জিনিস—পত্রের দাম আরো বাড়িয়ে দেবে। কারণ সাধারণ মানুষের স্বার্থকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকার বাজারব্যবস্থাকে সম্পূর্ণভাবে সিন্ডিকেট মালিকদের হাতে ছেড়ে দিয়েছে। দুর্নীতি, লুটপাট, আইএমএফ এর ঋণ পেতে ভতুর্কি বন্ধ করে দেয়ার শর্ত মেনে নিয়ে বিদ্যুৎ, গ্যাসের দাম বাড়াচ্ছে দফায় দফায়। তাছাড়া সরকার ক্যাপাসিটি চার্জের নামে গত তিন বছরে শুধুমাত্র বিদ্যুৎখাতে ৫৪ হাজার কোটি টাকারও বেশি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের মালিকদের পকেটে ভরিয়েছে। লোকসানের কথা বলে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত খুচরা বিদ্যুতের দাম বাড়িয়েছে ১১০.৭২ শতাংশ। গত ১৪ বছরে এই ফ্যাসিস্ট সরকার ১১ বার পাইকারি এবং ১২ বার বাড়িয়েছে খুচরা বিদ্যুতের দাম। অথচ সাধারণ মানুষের উপর করের বোঝা উপর্যুপরি বেড়েছে এবং মানুষ তা পরিশোধও করেছে।”
অবিলম্বে সরকারের এই গণবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন,“বিদ্যুৎখাতে বরাদ্দ বাড়িয়ে বিদ্যুতের দাম কমাতে হবে। সেবাকে বাণিজ্যিকীকরণ ও দূর্নীতি লুটপাটের অবাধ ক্ষেত্রে পরিণত করার সকল অপচেষ্টা বন্ধ করতে হবে।”
তিনি সরকারের এই একতরফা সিদ্ধান্ত বাতিল এবং দ্রব্যমূল্য কমানোর দাবিতে গণআন্দোলন গড়ে তোলার জন্য সচেতন মানুষের প্রতি আহ্বান জানান।