ডেস্ক রিপোর্ট
২১ মে ২০২১, ১০:১৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে প্রগতিশীল ছাত্র জোটের সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ২১ মে বিকাল ৪ টায় রাজু ভাস্কর্য প্রাঙ্গণে।
সংহতি সমাবেশ থেকে সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, ব্যার্থ স্বাস্থ্যমন্ত্রী ও সচিবকে অপসারণ, দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচার, ডিজিটাল নিরাপত্তা আইন ও অফিশিয়াল সিক্রেসি অ্যাক্ট বাতিল, গোপন নথি প্রকাশ, গণমাধ্যমের স্বাধীনতা ও সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি উত্থাপন করা হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মুক্তা বাড়ৈ এর সঞ্চালনায় সংহতি সমাবেশে সভাপতিত্ব করেন প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা।
সংহতি জানিয়ে বক্তব্য রাখেন যমুনা টিভির সিনিয়র সাংবাদিক সুশান্ত সিনহা, ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপল’স হেলথ এর ডাঃ জয়দ্বীপ ভট্টাচার্য, সিনিয়র সাংবাদিক উম্মে সুইটি প্রমুখ।
এছাড়াও সংহতি প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান, সিনয়র সাংবাদিক মুস্তাফা জুলহাজ, আইনজীবী ইমতিয়াজ মাহমুদ ও সাংবাদিক আখতার হোসেন।
সংহতি সমাবেশে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় প্রগতিশীল ছাত্র জোট বৃহত্তর আন্দোলন কর্মসূচী ঘোষণা করবে।