ডেস্ক রিপোর্ট
১৮ মে ২০২১, ১১:০০ অপরাহ্ণ
বগুড়া প্রতিনিধি:: প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের ওপর হামলা, হেনস্তার প্রতিবাদে ও মিথ্যা অভিযোগ প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
আজ ১৮ মে ২০২১ বেলা ১১ টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা শাখার উদ্যোগে নগরীর সাতমাথায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি ধনঞ্জয় বর্মন ও সঞ্চালনা করেন পূজা প্রামাণিক।
সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্য রাধা রানি বর্মন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সহ সভাপতি শ্যামল বর্মন, সরকারি আজিজুল হক কলেজ শাখার সদস্য সচিব নিয়তি সরকার নিতু, পলিটেকনিক ছাত্রনেতা রায়হান রাহেল।সংহতি বক্তব্য রাখেন শাপলা খন্দকার শোমা।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম গত কয়েক মাস ধরেই স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে রিপোর্ট করে যাচ্ছিলেন। তাঁর অনুসন্ধানী রিপোর্টের মাধ্যমেই দেশবাসীর সামনে এই করোনা মহামারীর মধ্যেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির চিত্র ফুটে ওঠে। গতকাল তাকে মন্ত্রণালয়ের একটি ফাইল চুরির মিথ্যা অভিযোগে প্রায় ৬ ঘন্টা আটকে রেখে নির্যাতন করে পরে পুলিশের কাছে তুলে দেয়া হয়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে রোজিনা ইসলামের নামে অভিযোগ দেওয়া হয়েছে। করোনা মহামারীর মধ্যেও স্বাস্থ্য খাতে অনিয়ম – দুর্নীতির মুখোশ সকলের সামনে উন্মোচিত করায় রোজিনা ইসলামকে সরকারের আক্রোশের মুখে পরতে হয়েছে।”
“ স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির চিত্র সকলের সামনে উন্মোচন করে রোজিনা ইসলাম তাঁর দায়িত্ব ও কর্তব্য পালন করেছেন। সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ সংবিধান বিরোধী। অবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তি দাবি করছি। রোজিনা ইসলামকে হেনস্থার সাথে যারা যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং অবিলম্বে অফিসিয়াল সিকিউরিটি অ্যাক্টসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। গোপন নথি প্রকাশ্যে আনতে হবে।
সেই সাথে স্বাস্থ্য খাতে দুর্নীতির সঙ্গে জড়িতদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।