ডেস্ক রিপোর্ট

১৮ মে ২০২১, ৫:১৫ অপরাহ্ণ

বিএনপি একটি দায়িত্বজ্ঞানহীন রাজনৈতিক দল: ওবায়দুল কাদের

আপডেট টাইম : মে ১৮, ২০২১ ৫:১৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পরিচালনায় হাওয়া ভবনের মতো কোনও বিকল্প ক্ষমতা কেন্দ্রের অস্তিত্ব নেই। নিয়মতান্ত্রিক উপায়ে পরিচালিত জনগণের সরকার জনগণের কল্যাণেই কাজ করছে বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১৮ মে) তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের দাবি করেন বিএনপি একটি দায়িত্বজ্ঞানহীন এবং কাণ্ডজ্ঞানহীন রাজনৈতিক দল। কেননা, দলটি করোনা সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে জণগনকে সচেতন না করে শুধু ঢালাওভাবে সরকারকে দুষছেন। তাছাড়া দলটি ভ্যাকসিন নেওয়ার সময় অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করেছিল বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। এছাড়া এখন লকডাউন-শাটডাউন দাবি তুলে সরকারকে বিব্রত করছে বলেও মন্তব্য করেন তিনি।

যারা সমালোচনার খাতিরে শুধু সমালোচনায় লিপ্ত, তাদের স্মরণ করে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘করোনা মোকাবিলায় সরকারের অব্যবস্থাপনাই যদি থাকতো, তাহলে সংক্রমণের সংখ্যা ৮ হাজার থেকে ৬শ’ এর নিচে এবং মৃত্যুর সংখ্যা ১১২ জন থেকে ৪০ এর নিচে নেমে আসলো কী করে?’

স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘করোনা খুব তাড়াতাড়ি চলে যাবে— এটা ভাবার কোনও কারণ নেই।’

বিএনপি মহাসচিব লকডাউনের আগে কঠোর লকডাউন দেওয়ার দাবির প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার যখন সার্বিক পরিস্থিতি বিবেচনায় লকডাউন বা সাধারণ ছুটির ঘোষণা করলো, তখন তারা কৌশলে এর বিরোধিতা করলো।’

বিএনপি ভ্যাকসিনের বিরোধিতা করে জনগণকে ভ্যকসিন গ্রহণ থেকে দূরে রাখতে যে অপপ্রচার চালিয়েছিল, তাও ব্যর্থ হয় বলেও জানান ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব এখন শাটডাউন, ক্র্যাকডাউন নানান পরিভাষা ব্যবহার করছে, অথচ যখন মানুষের জীবন- জীবিকার সুরক্ষাই অগ্রাধিকার, সেখানে তারা অব্যাহতভাবে অপরাজনীতি চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

করোনা সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপ জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, দ্য ইকোনোমিস্টসহ, আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অথচ বিএনপি নামক দলটি সরকার ও প্রধানমন্ত্রীর প্রশংসা না করে বরং অবিরাম মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে।’

শেখ হাসিনা সরকার অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে দেশ পরিচালনা করছে এবং দলগতভাবে আওয়ামী লীগও জনগণের আস্থা অর্জন করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘জনগণের সমর্থন নিয়ে শেখ হাসিনা সরকার দেশের উন্নয়ন ও অগ্রগতির চাকা গতিশীল করে এগিয়ে যাচ্ছে সম্মুখপানে।’

বিদেশে সরকারের কোনও প্রভু নেই, আছে অকৃত্রিম বন্ধু— এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে তার কূটনৈতিক দক্ষতার পরিচয় দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন।’

 

শেয়ার করুন