ডেস্ক রিপোর্ট

২২ অক্টোবর ২০২২, ৭:২৩ অপরাহ্ণ

সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রামে বাসদের মিছিল-সমাবেশ

আপডেট টাইম : অক্টোবর ২২, ২০২২ ৭:২৩ অপরাহ্ণ

শেয়ার করুন

চট্টগ্রাম প্রতিনিধি:: সরকারের পদত্যাগ, জাতীয় সংসদ ভেঙ্গে দেওয়া, নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন, নিত্যপণ্যের দাম কমানো,গ্রাম শহরের রেশনিং চালু, দুনীতি-দুঃশাসনের অবসান ও বাম গণতান্ত্রিক বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার দাবিতে বাসদ চট্টগ্রাম জেলার সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত।

বাম গণতান্ত্রিক জোট কেন্দ্র ঘোষিত দেশব্যাপি গণপদযাত্রা কর্মসূচির অংশহিসাবে বাসদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আজ শনিবার, ২২ অক্টোবর বিকাল ৪টায় নগরীর নিউমার্কেট মোড়ে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ চট্টগ্রাম জেলার ইনচার্জ আল কাদেরী জয়, সদস্য নুরুলহুদা নিপু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলার সদস্য সচিব আকরাম হোসেন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় সদস্য আহমদ জসীম, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম চট্টগ্রাম জেলার আহবায়ক জোবাইর বীণা। সমাবেশ পরিচালনা করেন, বাসদ চট্টগ্রাম জেলার সদস্য রায়হান উদ্দিন।

সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্য, বেকারত্ব, রাষ্ট্রীয় দমন-পীড়নে দেশের মানুষ এক সংকটময় পরিস্থিতি অতিক্রম করছে। সিন্ডিকেট ব্যবসায়ীরা ইচ্ছামত চাল, ডাল, তেল, চিনি, আটাসহ জিনিসপত্রের দাম বাড়িয়ে হাজার হাজার কোটি টাকা লুটে নিচ্ছে। এর ফলে শ্রমিক, কৃষক, নিম্ন আয়ের মানুষের দুর্ভোগের কোনো সীমা নেই। দেশে ধনী-গরীবের বৈষম্য দিন দিন বেড়েই চলছে।

সরকার গত ২০২১ সালের নভেম্বর মাসেই ডিজেল লিটার প্রতি ১৫ টাকা, গত জুন মাসে গ্যাসের দাম এবং আগষ্ট মাসে ইউরিয়া সারের কেজি প্রতি ৬ টাকা এবং বিইআরসির গণশুনানী না করিয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রল এর দাম বাড়িয়েছে। বর্তমান পরিস্থিতিতে দেশের অধিকাংশ মানুষের জীবন-যাপন দুর্বিসহ হয়ে পড়েছে। অপরদিকে দেশে এক ভয়াবহ রাজনৈতিক সংকট শুরু হয়েছে তা সমাধানে কার্যকরী উদ্যোগ না নিয়ে ক্ষমতাসীন সরকারি দল উল্টো যাবতীয় রাষ্ট্রীয় ক্ষমতা ও সুযোগ সুবিধার অপব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে ২০১৪ ও ২০১৮ ন্যায় নির্বাচনের আয়োজন করতে চাচ্ছে। গাইবান্ধা উপনির্বাচন আরও স্পষ্ট করেছে যে নির্বাচনের অবাধ, সুষ্ঠু , মুক্ত পরিবেশে ভোট প্রদান ও নিজেদের প্রতিনিধি নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ বলে দেশে আর কিছু অবশিষ্ট নেই।

তাই বক্তারা অবিলম্বে সরকারের পদত্যাগ, জাতীয় সংসদ ভেঙ্গে দিয়ে, নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন, নিত্যপণ্যের দাম কমানো, গ্রাম শহরের রেশনিং চালু, দুনীতি-দুঃশাসনের অবসান ঘটিয়ে এই রাজনৈতিক সংকটের সমাধানের মাধ্যমে জনগণকে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার গণআন্দোলন গড়ে তুলতে জনগণের প্রতি আহবান জানান ।

শেয়ার করুন