ডেস্ক রিপোর্ট
১৬ মে ২০২১, ৫:৩৯ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: এফএ কাপের শিরোপা জেতার পর ফিলিস্তিনের পতাকা নিয়ে সতীর্থ ওয়েস্টলি ফোফানার সঙ্গে মাঠেই প্রদক্ষিণ করেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী। ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদ জানাতেই ওয়েম্বলির মাঠে এভাবে সরব হয়েছিলেন লিস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার।
ঘটনার পর চারদিক থেকে প্রশংসা পাচ্ছেন লিস্টারের দুই খেলোয়াড়। লন্ডনে ফিলিস্তিন রাষ্ট্রদূত হুসাম জামলট তো তার দেশের হয়ে লিস্টার সিটি ক্লাবকে চিঠি লিখে দুই ফুটবলারকে ধন্যবাদ দিয়েছেন। ফিলিস্তিনি রাষ্ট্রদূত তার চিঠিতে বলেছেন, ‘একটি জাতি যারা তীব্র বোমা বর্ষণের মাঝে অবরুদ্ধ, অধিকৃত; তাদের অধিকারের পক্ষে দাঁড়ানোর সাহস দেখানোর জন্য আপনার সময়োপযোগী কাজটি প্রশংসিত না হয়ে পারে না।’
হামজার প্রতিবাদের ছবি বড় করে ছাপা হয়েছে ডেইলি মেইল, দ্য মিরর, আলজাজিরাসহ অন্য সংবাদ মাধ্যম গুলোতে। এছাড়া রিপোর্টও হয়েছে অনেক।
ফিলিস্তিন সরকারের পক্ষ থেকে হামজার প্রতি কৃতজ্ঞা প্রকাশ করা চিঠিতে রাষ্টদূত আরও লিখেছেন, ‘এফ এ কাপের শিরোপা জয়ের ঐতিহাসিক মুহূর্তে ফিলিস্তিনের পতাকা হাতে তুলে নেওয়ায় হামজা চৌধুরী ও ওয়েসলে ফোফানাকে ফিলিস্তিন সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাই। ফিলিস্তিনের পতাকা ফুটবলের অন্যতম শীর্ষ প্রতিযোগিতার মাধ্যমে তুলে ধরে সংগ্রামী জনতার পক্ষ নেওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা এক সময় জেরুজালেমে ফুটবল ম্যাচ খেলবো।’