ডেস্ক রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২২, ১০:০২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপিকে এবার রংপুর জেলা জাতীয় পার্টির সভাপতির পদ থেকে সরিয়ে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটি থেকে বাদ পড়ার পর রাঙ্গা বললেন, সামনে চমক আসছে।
মঙ্গলবার রাতে দলের চেয়ারম্যান জি এম কাদেরের নির্দেশে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু নতুন কমিটি ঘোষণা করেন।
এদিকে জেলা জাতীয় পার্টির সভাপতি পদ থেকে অপসারিত মসিউর রহমান রাঙ্গা নতুন কমিটির প্রতি শুভকামনা জানিয়ে দলকে আরও শক্তিশালী করতে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। সেই সঙ্গে নবগঠিত কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টু এবং সদস্য সচিব আব্দুর রাজ্জাককে অভিনন্দন জানিয়েছেন।
বুধবার দুপুরে রাঙ্গা জানান, দীর্ঘ ২৭ বছর ধরে জাতীয় পার্টি করে আসছেন। এর আগে অন্য কোনও দল করেননি। মনে-প্রাণে জাতীয় পার্টির রাজনীতিকে ধারণ এবং লালন করেছেন। তাকে আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগ না দিয়ে অন্যায়ভাবে দলের সব পদ থেকে অব্যাহতি দিয়ে তার প্রতি অবিচার করা হয়েছে।
তিনি বলেন, ‘জাতীয় পার্টি আরও সমৃদ্ধ হোক, সাংগঠনিকভাবে শক্তিশালী হোক– এমন কামনা করছি। সামনে অনেক চমক অপেক্ষা করছে।’ তবে কী চমক তা খোলাসা করে বলেননি তিনি।
উল্লেখ্য, বুধবার জাপার দফতর বিভাগ থেকে জানানো হয়, দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে দলের প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ-পদবি থেকে মসিউর রহমান রাঙ্গা এমপিকে অব্যাহতি প্রদান করেছেন দলীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।