ডেস্ক রিপোর্ট
১৭ আগস্ট ২০২২, ৯:৩১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত ও সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী নরসিংদীতে পোশাকের কারণে এক তরুনীকে হেনস্থা করার ঘটনায় আটককৃত প্রধান আসামী মার্জিয়া আক্তার শিলার জামিন ঘোষণার সময় আদালতের বরাত দিয়ে নারী বিদ্বেষী, অসাংবিধানিক, অগণতান্ত্রিক যে বক্তব্য প্রকাশিত হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং তা প্রত্যাহার দাবি জানিয়েছেন।
বিবৃতিতে তাঁরা বলেন, দেশের সংবিধানে নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে যোগ্যতা অনুসারে পেশা নির্বাচনের সুবিধা, বাক-স্বাধীনতা ও চলাফেরার স্বাধীনতা, পোশাক নির্বাচনের স্বাধীনতা দেয়া হয়েছে। দেশের আইন অনুযায়ী নারীর পোশাকের কারণে তাকে হেনস্থা করা বা কটুক্তি করা যৌন সহিংসতা। আদালতের কাজ হচ্ছে দেশের সংবিধান ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা। কিন্তু নরসিংদীর উক্ত ঘটনায় এক আইনজীবির বরাত দিয়ে আদালতের যে পর্যবেক্ষণ প্রকাশিত হয়েছে, তাতে পোশাকের অজুহাতে নারীর প্রতি যৌন সহিংসতাকেই প্রশ্রয় ও উস্কে দেওয়া হলো। যার মাধ্যমে নারী বিদ্বেষী পশ্চাৎপদ চিন্তা ও ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীর নারীবিদ্বেষী কর্মকান্ড ও প্রচারকেই শক্তি যোগাবে। সমাজ সভ্যতা যখন এগিয়ে যায় তার সাথে সাথে সে সমাজের কৃষ্টি সংস্কৃতিরও পরিবর্তন হয়। সে পরিবর্তনের সাথে মেলবন্ধন ঘটানোর কাজ করতে হয় রাষ্ট্রকে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রশাসনিক দায়িত্বে থাকা একজন ব্যক্তির চিন্তা অবশ্যই তার পরিপূরক হতে হবে।
নেতৃবৃন্দ আরো বলেন, সাধারণ মানুষের দৈনন্দিন ভোগান্তি বেড়েই চলেছে। নির্বাচনহীন সরকার এর প্রতিকার করবে না। ফলে নারী পুরুষ নির্বিশেষে সকলে মিলে একটি গণতান্ত্রিক ও মর্যাদাময় জীবন পেতে গণতন্ত্রমনা সকল মানুষকে এক হয়ে লড়াই করতে হবে।