ডেস্ক রিপোর্ট
১৩ আগস্ট ২০২২, ৭:০২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: চট্টগ্রামের চাক্তাই খালে জোয়ারের পানিতে গোসলে নেমে নিখোঁজ হওয়া দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত দুজন হলো- মো. মামুন (১৮) ও মো. হৃদয় (১৩)।
শনিবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জের লোহার ব্রিজ এলাকায় চাক্তাই খালের জোয়ারের পানিতে গোসলের সময় লাফ দিয়ে নিখোঁজ হয় তারা। বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাদের মরদেহ উদ্ধার করেন।
মৃত মামুন কুমিল্লার মুরাদনগরের রহিমপুর গ্রামের আলী আহম্মদের ছেলে এবং হৃদয় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের দনাশী গ্রামের মো. সাহাব উদ্দিনের ছেলে। তারা চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় বসবাস করতো।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম বলেন, জোয়ারের পানিতে গোসলে নেমে লাফ দেয় মামুন ও হৃদয়। স্রোতের তোড়ে নিখোঁজ হয়। বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাদের মরদেহ উদ্ধার করেন।
বাকলিয়া লামার বাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান জাগো নিউজকে বলেন, ‘দুই কিশোর সাঁতার জানলেও তীব্র স্রোতে পানিতে তলিয়ে যায়। পরে আগ্রাবাদ থেকে ডুবুরিরা এসে তাদের মরদেহ উদ্ধার করেন। পুলিশের উপস্থিতিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।