ডেস্ক রিপোর্ট
১০ মে ২০২১, ১১:৫৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মাসুদ রেজা ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ এক বিবৃতিতে টঙ্গির হামিম গ্রুপের গার্মেন্টস কারখানায় পুলিশের হামলা ১৫ জন শ্রমিক গুলিবিদ্ধ, লাটিচার্জ, টিয়ারশেল নিক্ষেপে ৩৫ জনের বেশি আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। একই সাথে আহত শ্রমিকদের সুচিকিৎসা, ক্ষতিপূরণ ও ন্যায্য দাবি মেনে নেওয়ার দাবি করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “শ্রমিকদের গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ গুলি, টিয়ারশেল, লাঠিচার্জ করে যেভাবে হামলা চালিয়েছে, তা খুবই গর্হিত ও ন্যাক্কারজনক। মালিকদের মদদে এই হামলা সংঘটিত হয়েছে। ১০ দিনের ছুটির দাবিতে শান্তিপূর্ণভাবেই শ্রমিকরা বিক্ষোভ করছিল। ঈদের ছুটি ১০ দিনের পরিবর্তে ৩ দিন করার যে ষড়যন্ত্র মালিকপক্ষ করেছে, তা কিছুতেই গ্রহণযোগ্য না। ফলে শ্রমিকদের এই আন্দোলন ছিল শতভাগ ন্যায্য। আমরা অবিলম্বে শ্রমিকদের উপর এই হামলায় জড়িত মালিকপক্ষসহ পুলিশ সদস্যদের বিচার চাই। সেই সাথে গুলিবিদ্ধ আহত শ্রমিক ভাই-বোনদের পরিপূর্ণ সুচিকিৎসা, উপযুক্ত ক্ষতিপূরণ ও ছুটির ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানাই।