ডেস্ক রিপোর্ট
২৯ জুন ২০২২, ৮:২৬ অপরাহ্ণ
সিলেট প্রতিনিধি:: সারাদেশে অব্যাহত শিক্ষক নিপীড়ন এবং সাভারের আশুলিয়াতে প্রভাষক উৎপল কুমার হত্যার প্রতিবাদে আজ বুধবার (২৯ জুন) সিলেটের চৌহাট্টায় ৩ টি প্রগতিশীল ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রণ্টের আহবানে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সিলেট জেলা সংসদের আহবায়ক মনীষা ওয়াহিদ।
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক তানজিনা বেগমের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রণ্ট, সিলেট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাস, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, সিলেট নগর শাখার সভাপতি বিশ্বজিৎ শীল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রণ্টের অন্যতম নেতা সুমিত কান্তি পিনাক, ছাত্র ইউনিয়ন নেতা মাশরুখ জলিল প্রমুখ।
বক্তারা বলেন, আজকে যেই ব্যবস্থায় শিক্ষকের গলায় জুতার মালা উঠেছে, সেই সিস্টেম চলতে থাকলে একসময় সাধারণ মানুষের গলাই থাকবে না। অবিলম্বে এই নিপীড়ন এবং হত্যাকান্ডের বিচার করতে হবে। সভাপতির বক্তব্যে মনীষা ওয়াহিদ বলেন, আমরা এমন একটা রাষ্ট্রে বসবাস করছি যেখানে পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকতা এবং দলীয়করণ করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করেন সরকারি দলের নেতারা। পুরো শিক্ষাব্যবস্থাই আজ ধ্বংসের সম্মুখীন। এরকম সময়ে শিক্ষকের গলায় জুতার মালা, কিংবা পিঠে স্টাম্পের আঘাত কোনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। শুধুমাত্র এই ঘটনার বিচারই সমস্যার সমাধান করবে না। সমস্যার গোড়া এই সিস্টেমকে ভেংগে দিতে হবে।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক নিরঞ্জন সরকার অপু, ফজলে রহমান চৌধুরী এবং সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রজেশ সূত্রধর।
সমাবেশ শেষে একটি মিছিল চৌহাট্টা থেকে জিন্দাবাজার সড়ক অতিক্রম করে জিন্দাবাজার পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।