ডেস্ক রিপোর্ট

২১ জুন ২০২২, ৫:৩৮ অপরাহ্ণ

সেপ্টেম্বর থেকে রাজধানীর তিন রুটে নতুন ২০০ বাস

আপডেট টাইম : জুন ২১, ২০২২ ৫:৩৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, রাজধানীর তিন রুটে ১ সেপ্টেম্বর ২০০টি নতুন বাস নামানো হবে।

ডিএসসিসি’র নগর ভবনে মঙ্গলবার (২১ জুন) বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৩তম সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

শেখ তাপস বলেন, ‘২২ নম্বর যাত্রাপথে অভি মোটরসের ২০২২ সালে নির্মিত ৫০টি বাসের আবেদন আমরা গ্রহণ করেছি। ২৩ নম্বর যাত্রাপথে হানিফ এন্টারপ্রাইজের ২০২২ সালে নির্মিত ১০০টি নতুন বাসের আবেদন গ্রহণ করেছি। বিআরটিসির মাধ্যমে ঢাকা নগর পরিবহনের আওতায় ৫০টি বাস ২৬ নং যাত্রাপথে নামানো হবে।’

রেশনালাইজেশন কমিটির নকশায় ২২ নম্বর রুটটি হলো ঘাটারচর থেকে বছিলা, মোহাম্মদপুর টাউন হল, আসাদ গেট, ফার্মগেট, কাওরান বাজার, শাহবাগ, কাকরাইল, ফকিরাপুল, মতিঝিল, টিকাটুলি, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কোনাপাড়া হয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত।

২৩ নম্বর রুট হচ্ছে ঘাটারচর থেকে বছিলা, মোহাম্মদপুর শিয়া মসজিদ, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, কলাবাগান, সায়েন্স ল্যাব, শাহবাগ, মৎস্যভবন, প্রেস ক্লাব, গুলিস্তান, দৈনিক বাংলা, কমলাপুর, ধলপুর, যাত্রাবাড়ী, শনির আখড়া, রায়ের বাগ, মাতুয়াইল, সাইনবোর্ড, চিটাগং রোড পর্যন্ত।

২৬ নম্বর রুট হলো ঘাটারচর থেকে বছিলা, মোহাম্মদপুর টাউন হল, আসাদ গেট, কলাবাগান, সায়েন্স ল্যাব, নিউ মার্কেট, আজিমপুর, পলাশী মোড়, চাঁনখারপুল, পোস্তগোলা হয়ে কদমতলী পর্যন্ত।

মেয়র জানান, ৩১ জুলাইয়ের মধ্যে বাস বে নির্মাণ, টিকিট কাউন্টার প্রস্তুতসহ অন্যান্য কাজ শেষ হবে।

শেয়ার করুন