ডেস্ক রিপোর্ট
১৬ জুন ২০২২, ৮:৩২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: মাহমুদুল হাসান জয়ের শূন্যরথ চলছেই। প্রস্তুতি ম্যাচেও রানের খাতা খুলতে পারেননি। এবার অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসেও ফিরলেন খালি হাতে। জয়ের পর শান্তও ফিরেছেন শূন্য রানে। প্রস্তুতি ম্যাচে ফর্মে ফেরার ঝলক দেখালেও মূল লড়াইয়ে ব্যর্থ তিনিও।
কেমার রোচের করা ম্যাচের প্রথম বল থেকে সিঙ্গেল নিয়ে জয়কে স্ট্রাইক দিয়েছিলেন তামিম। দ্বিতীয় বলেই খোঁচা দিয়ে স্লিপে ক্যাচ হয়ে ফিরেছেন জয়। রোচের পরের ওভারের প্রথম বলেই শান্তর ব্যাট-প্যাডের ফাঁক গলে বল গিয়ে আঘাত হানে স্টাম্পে।
এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট।
অ্যান্টিগায় বাংলাদেশের সবশেষ টেস্টের দুঃস্মৃতি এখনো পোড়ায় সমর্থকদের। সেদিন উইন্ডিজ বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণে মাত্র ৪৩ রানে গুঁটিয়ে গিয়েছিল বাংলাদেশ, টেস্ট ক্রিকেটে এটাই বাংলাদেশের সর্বনিম্ন স্কোর। সেই দুঃস্বপ্নকে পিছু ঠেলতে এবার অ্যান্টিগার নর্থ সাউন্ডে ভালো কিছুর প্রত্যাশা বাংলাদেশের।
এই সিরিজ দিয়ে আবার টেস্ট অধিনায়কের দায়িত্ব বুঝে নিয়েছেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয় এসেছিল সাকিবের নেতৃত্বেই।
দুই টেস্টের এই সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট চ্যাম্পিয়নশিপে ৮ ম্যাচ থেকে মোটে ১৬ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে বাংলাদেশ। আর ৭ ম্যাচ থেকে ৩০ পয়েন্ট ছয়ে অবস্থান করছে উইন্ডিজ।