ডেস্ক রিপোর্ট

৮ মে ২০২১, ৬:০৯ অপরাহ্ণ

ঈদের আগে শ্রমিকের বেতন ও পূর্ণ বোনাসের দাবিতে রি-রোলিং শ্রমিকদের মিছিল

আপডেট টাইম : মে ৮, ২০২১ ৬:০৯ অপরাহ্ণ

শেয়ার করুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি:: ঈদের আগে শ্রমিকের বেতন ও পূর্ণ বোনাস পরিশোধের দাবিতে রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আজ বিকাল ৪ টায় পাগলা বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি জামাল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম কাদির, পাগলা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, আইন বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, শ্যামপুর শাখার সাংগঠনিক সম্পাদক রেজাউল।

নেতৃবৃন্দ বলেন, প্রতি বছর রি-রোলিং ও স্টিল মিলগুলোতে বেতন বোনাস নিয়ে ঈদের প্রাক্কালে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। মূলত মালিকদের বেতন বোনাস নিয়ে টালবাহানার কারণে এ পরিস্থিতি তৈরি হয়। ইতিমধ্যে পাগলা-শ্যামপুর এলাকায় সিয়াম স্টিল রি-রোলিং মিলস, আল-হাদিদ রি-রোলিং মিলস, আজমাইন স্টিল রি-রোলিং মিলস, ক্যাপ্টেন রি-রোলিং মিলস বোনাস না দিয়ে কারখানা বন্ধ করে দিয়েছে।

নেতৃবৃন্দ বলেন, কলকারখানা পরিদর্শন অধিদপ্তরে অভিযোগ দিলেও তারা এখনও কার্যকর কোন পদক্ষেপ নেয়নি। লকডাউনে কারখানা চললেও অনেক মালিক করোনার অজুহাতে বোনাস না দেয়ার পাঁয়তারা করছে। ফলে শ্রমিকরা বোনাস নিয়ে চরম অনিশ্চিত অবস্থায় পড়েছে। নিম্ন আয়ের এ শ্রমিকদের ঈদের ভরসা হলো বোনাস, যা দিয়ে সে তাদের ছেলে মেয়েদের জন্য সামান্য কাপড় ও ঈদের খাবার কিনে দেয়।

নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে বন্ধ কারখানা চালু, ঈদের আগে বেতন, পূর্ণ বোনাস পরিশোধের দাবি জানান এবং বেতন বোনাস নিয়ে যে কোন অস্থিতিশীল পরিস্থিতির জন্য মালিক ও প্রশাসন দায়ী থাকবে বলে হুঁশিয়ার করে দেন।

 

শেয়ার করুন