ডেস্ক রিপোর্ট
৮ মে ২০২২, ৮:১০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: কক্সবাজারের ঈদগাঁওতে চুলার আগুনে পুড়ে ছাই হয়েছে একটি মসজিদসহ অন্তত ১১টি বসত ঘর।
রবিবার দুপুর ৩ টায় নবগঠিত ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের পূর্ব-ফরাজী পাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানায় রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ সৌমেন বড়ুয়া। তবে অগ্নিকান্ডে আনুমানিক ৪০ লাখ টাকা পরিমানের প্রাথমিক ক্ষয়ক্ষতির তথ্য জানালেও ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান ফায়ার সার্ভিস স্টেশনের এ কর্মকর্তা।
স্থানীয়দের বরাত দিয়ে সৌমেন বড়ুয়া বলেন, রবিবার দুপুরে ঈদগাঁও উপজেলার পূর্ব-ফরাজী পাড়া জনৈক বাড়ীতে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটে। এতে বাড়িটি থেকে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টার পাশাপাশি রামু ফায়ার সার্ভিস স্টেশনেও ঘটনার ব্যাপারে অবহিত করে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের রামু স্টেশনের দুইটি ইউনিট এবং কক্সবাজার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তার আগেই স্থানীয়রা আগুনের দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও বলেন, “আগুন লাগার ঘটনায় একটি মসজিদসহ অন্তত ১১টি বসত ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে ২/৩ টি বসত ঘর। তবে ঘটনায় কেউ হতাহত না হলেও প্রাথমিকভাবে আনুমানিক ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, স্থানীয় মাহমুদুল হক নামের এক ব্যক্তির বাড়ীর রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে তা দ্রুত আশপাশের বাড়ীতে ছড়িয়ে পড়ে। তারপরও আগুন লাগার প্রকৃত কারণ জানার পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা।