ডেস্ক রিপোর্ট
২৯ এপ্রিল ২০২২, ১২:১০ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলের নাহিদ কটন মিলের শ্রমিকরা বেতন ও বোনাসের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের লাঠিপেটা ও রাবার বুলেটে অর্ধশত শ্রমিক এবং শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপে মির্জাপুর থানার ওসিসহ ১০ পুলিশ আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে সাড়ে ৪টার দিকে অবরোধ শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে।
এর ফলে সড়কের দুই পাশে প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
জানা যায়, নাহিদ কটন মিল কর্তৃপক্ষ শ্রমিকদের ঈদ উপলক্ষে অর্ধেক বোনাস ও অর্ধেক বেতন দিতে চাইছে। এ কারণে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে আন্দোলন শুরু করে। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গোড়াই এলাকায় অবস্থান নিয়ে অবরোধ করে রাখে। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ও গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তারা শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লঠিপেটা করে। শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের রাবার বুলেট নিক্ষেপ করে। এভাবে শ্রমিক-পুলিশ প্রায় এক ঘণ্টা সংঘর্ষ চলে। সংঘর্ষে মির্জাপুর থানার ওসি মো. আলম চাঁদসহ ১০ পুলিশ এবং অর্ধশত শ্রমিক আহত হয়।
আহত পুলিশ সদস্যদের বিভিন্ন হাসপাতালে এবং শ্রমিকদের কুমুদিনী হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
নাহিদ কটন মিলে কর্মরত শ্রমিক রেশমা বলেন, আমরা ন্যায্য অধিকারের জন্য দাবি করলে কর্তৃপক্ষ পুলিশ দিয়ে আমাদের ওপর হামলা করে। এতে আমাদের অনেক শ্রমিক ভাই-বোন আহত হয়ে হাসপাতালে রয়েছে।
পুলিশের রাবার বুলেটে আহত শ্রমিক রাশেদ বলেন, দাবি আদায়ের জন্য মিল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে আমাদের পুলিশ দিয়ে মারধর করে।
সন্ধ্যা পৌনে ৬টায় স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভর ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনিক বিক্ষুব্ধ শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন। সাংসদের ঘটনাস্থলে আসার কথা শুনে শ্রমিকরা মহাসড়কে অবরোধ তুলে নেয়।
সন্ধ্যায় সাংসদ খান আহমেদ শুভ ঘটনাস্থলে পৌঁছান। তিনি শ্রমিকদের দাবি আদায়ে মিল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দেন।
নাহিদ কটন মিলের মহাব্যবস্থাপক শহীদুল ইসলাম বলেন, শ্রমিকদের ঈদ বোনাস তিন দিন আগেই দেওয়া হয়েছে এবং শ্রমিকদের দাবি অনুযায়ী চলতি মাসের পুরো বেতন দেওয়া হবে।
এ ছাড়া আগামী মাসে ২ হাজার শ্রমিক ছাঁটাই করা হবে বলে তিনি জানান।
টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার মির্জাপুর সার্কেল এসএম মুসা বলেন, শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে গিয়ে শ্রমিকদের ইট-পাটকেল নিক্ষেপে মির্জাপুর থানার ওসিসহ ১০ পুলিশ আহত হয়েছে। এ সময় পুলিশ ৪১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে।
স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ বলেন, শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে সন্ধ্যা ৬টায় নাহিদ কটন মিলে যাই। সেখানে মিল কর্তৃপক্ষ এবং শ্রমিকদের সঙ্গে কথা বলি। মিল কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিতে সম্মত হয়েছে। এতে পরিস্থিতি শান্ত হয়েছে।