ডেস্ক রিপোর্ট
২৯ এপ্রিল ২০২২, ১:২৯ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা ৫০ লক্ষ মেট্রিক টন নির্ধারণ ও প্রতি ইউনিয়নে সরকারি ক্রয় কেন্দ্র খুলে কমপক্ষে ১২০০ টাকা মণ দরে খোদ কৃষকের কাছ থেকে ধান কেনার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট ।
সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ ও সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ২৮ এপ্রিল ২০২২ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে চলতি রোরো মৌসুমে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা কমপক্ষে ৫০ লক্ষ মেট্রিক টন নির্ধারণ ও প্রতি ইউনিয়নে কমপক্ষে একটি সরকারি ক্রয় কেন্দ্র খুলে লাভজনক দামে অর্থাৎ অর্থাৎ ১২০০ টাকা মণ দরে উৎপাদক কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকার বোরো মৌসুমে ধান চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে ১৮ লক্ষ মেট্রিক টন। দাম নির্ধারণ করেছে ধান ২৭ টাকা কেজি এবং সিদ্ধ চাল ৪০ টাকা কেজি, আতপ চাল ৩৯ টাকা কেজি। সরকার কৃষকের কাছ থেকে ধান কম কিনে চাল বেশি অর্থাৎ ৬ লক্ষ ৫০ হাজার টন ধান, ১১ লাখ টন সিদ্ধ চাল ও ৫০ হাজার টন আতপ চাল ৩১ আগস্ট ’২২ এর মধ্যে কেনার ঘোষণা দিয়েছে। অথচ কৃষক ধান উৎপাদন করে চাল নয়। চাতাল মালিক সিন্ডিকেটকে সহায়তা করতেই সরকার ধান কম কিনে চাল বেশি ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ চাল ক্রয় না করে উৎপাদক কৃষকের কাছ থেকে ৫০ লাখ মেট্রিক টন ধান ক্রয়ের দাবি জানান। একই সাথে কৃষকের যাতে লোকসান না হয় সেজন্য ২৭ টাকা নয় কমপক্ষে ৩০ টাকা কেজি দরে লাভজনক দাম নিশ্চিত করে অর্থাৎ মণপ্রতি কমপক্ষে ১২০০ টাকা দরে ধান ক্রয়ের দাবি করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাজারে ভোক্তাদের স্বার্থ রক্ষায় পর্যাপ্ত খাদ্য মজুদ থাকা বাঞ্চনীয় ফলে মৌসুমে ৫০ লক্ষ টন ধান ক্রয় করে পর্যাপ্ত মজুদ গড়ে তুলে বাজার স্থিতিশীল রাখার আহ্বান জানান।
নেতৃবৃন্দ উৎপাদক কৃষক ও ভোক্তা জনসাধারণের স্বার্থ রক্ষায় উপরোক্ত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।