ডেস্ক রিপোর্ট

১ এপ্রিল ২০২২, ৭:৩২ অপরাহ্ণ

আউট হয়েই চা পান করতে গেলেন সাদমান

আপডেট টাইম : এপ্রিল ১, ২০২২ ৭:৩২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: তিন বল পরই ছিল চা পানের বিরতি। দুই দলই পেতো ২০ মিনিটের বিশ্রাম। কিন্তু দক্ষিণ আফ্রিকার অফস্পিনার সাইমন হার্মারের আর সেই তিন বল করতে হয়নি। কেননা তার ওভারের তৃতীয় বলে বোল্ড হয়েই চা পান করতে সাজঘরের পথ ধরেছেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম অনিক।

তাই তিন বল আগেই দেওয়া হয়েছে চা পানের বিরতি। দক্ষিণ আফ্রিকাকে ৩৬৭ রানে অলআউট করার পর দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগেই উদ্বোধনী জুটি ভেঙে গেছে বাংলাদেশ দলের। বিরতিতে যাওয়ার আগে ১০.৩ ওভার ব্যাটিং করে ১ উইকেটে ২৫ রান করেছে বাংলাদেশ দল। সাদমান আউট হয়েছেন ৯ রান করে।

আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় তুলনামূলক সাবলীল ব্যাটিং করছেন। দুই চারের মারে ৩০ বল খেলে ১৬ রান করেছেন তিনি। অন্যদিকে ৯ রান করতে ৩৩ বল খেলেন সাদমান। তার ব্যাট থেকে এসেছে একটি চারের মার।

এর আগে দলীয় তিনশ হওয়ার আগেই ৮ উইকেট তুলে নিয়ে স্বস্তিতে ছিলো বাংলাদেশ দল। মনে হচ্ছিল, বেশি দূর যেতে পারবে না স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। কিন্তু লেজের সারির ব্যাটারদের দৃঢ়তায় শেষ দুই উইকেটে আরও ৬৯ রান পেয়েছে তারা।

ডারবানের কিংসমিডে স্বাগতিকদের শেষ পর্যন্ত ৩৬৭ রানে থামাতে পেরেছে বাংলাদেশ দল। ডানহাতি পেসার সৈয়দ খালেদ আহমেদ নিয়েছেন সর্বোচ্চ ৪ উইকেট। যা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের পেসারদের সেরা বোলিং। অফস্পিনার মেহেদি হাসান মিরাজের শিকার তিন উইকেট।

শেয়ার করুন