ডেস্ক রিপোর্ট
২৫ মার্চ ২০২২, ৭:৫৯ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ৫২তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ শুক্রবার এক বিবৃতিতে দেশের অপামর জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতা ও স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা বাংলাদেশের বাঙালি ও অন্যান্য জাতিগোষ্ঠীর ইতিহাসের শ্রেষ্ঠতম অর্জণ। স্বাধীনতা শুধুমাত্র পরাধীনতার নাগপাশ থেকেই মুক্তি দেয়নি, স্বাধীনতা আত্মপরিচয় প্রতিষ্ঠিত করে দিয়েছে। তারা বলেন, স্বাধীনতা আত্মপরিচয় ও আত্মশক্তিতে বলীয়ান হয়ে জাতীয় অগ্রগতি-উন্নয়ন-বিকাশের স্বর্ণদ্বার খুঁলে দিয়েছে। স্বাধীনতার পথ বেয়েই বাংলাদেশ আজ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে এবং বিশ্ব দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। তারা বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি, ধর্মান্ধ সম্প্রদায়িক মৌলবাদী জঙ্গিবাদী শক্তি, সামরিক শাসকরা স্বাধীনতা মেনে না নিয়ে বাংলাদেশের এগিয়ে যাবার পথে প্রতিবন্ধকতা ও বাধা সৃষ্টি, দুর্নীতিবাজ ও লুটেরা গোষ্ঠী স্বাধীনতার সুফল ঘরকাটা ইঁদূর-উইপোকা-ঘুনেপোকার মত খেয়ে ফেলার অপচেষ্টায় লিপ্ত। তারা স্বাধীনতার চেতনা: গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদকে দৃঢ়ভাবে আকঁড়ে ধরে বাংলাদেশের চিরশত্রু স্বাধীনতা বিরোধী শক্তি, ধর্মান্ধ সাম্প্রদায়িক মৌলবাদী-জঙ্গিবাদী শক্তিকে সকল অপপ্রয়াস-ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবেলা, দুর্নীতিবাজ-লুটেরা গোষ্ঠীকে দমন, সকল ধরনের শোষণ-বৈষম্যের অবসান করে স্বাধীনতার অভিষ্ট সুখী সমৃদ্ধ সমাজতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রের পথে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন। তারা স্বাধীনতার বেদীমূলে আত্মবলীদানকারী ৩০ লক্ষ শহীদ এবং স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মাহন স্বাধীনতা সংগ্রামী ও বীরমুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটি আগামীকাল ২৬ মার্চ ২০২২ শনিবার সকাল ৯ টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।