ডেস্ক রিপোর্ট
২২ মার্চ ২০২২, ১২:৫৪ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানা এক বিবৃতিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৮ মার্চ বামজোট আহুত দেশব্যাপী হরতালের প্রচারণাকালে চট্টগ্রামে বামজোটের নেতাকর্মীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি বলেন,“আওয়ামী ফ্যাসিবাদী সরকার করোনা পরবর্তীকালে বিপর্যস্ত সাধারণ মানুষের উপর আরও বিপর্যয় নামিয়ে নিয়ে এসেছে। একদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য; অন্যদিকে গ্যাস, পানি, বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বাম গণতান্ত্রিক জোট আগামী ২৮ মার্চ সারাদেশে আধাবেলা হরতাল ডেকেছে। সেই হরতালের প্রচারণাকালে আজ চট্টগ্রামে জিইসি’র মোড়ে ছাত্রলীগ সন্ত্রাসীরা বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীদের উপর হামলা চালান। এতে অশোক সাহা, শফিউদ্দিন কবির আবিদ, আল কাদেরী জয়, জাহেদুন্নবী কনক, অ্যানি সেন, নুরুচ্ছফা ভঁূইয়া, আকরাম হোসেন, রায়হানউদ্দিন, প্রীতম, নিলয়সহ প্রায় ২০ জন নেতাকর্মী আহত হন।”
তিনি বলেন, “জনগণের ব্যাপক সমর্থন এই হরতালের পেছনে আছে। সরকারি সন্ত্রাসীবাহিনী এ কারণে এর প্রচারও করতে দিতে চায় না। আমরা আগামী ২৮ মার্চ হরতাল সকল স্তরের মানুষকে স্বতঃস্ফুর্তভাবে পালন করার আহবান জানাচ্ছি।”