ডেস্ক রিপোর্ট
২০ মার্চ ২০২২, ৭:০৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক :: ৪৩ লাখ ৯৩ হাজার ৪৯৭ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ২২ লাখ ৮ হাজার ৮৬৬ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা তথ্য প্রদান করায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মো. আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২০ মার্চ) দুদকের সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর উপ-সহকারী পরিচালক সুদীপ কুমার চৌধুরী মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, আসামি তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ২২ লাখ ৮ হাজার ৮৮৬ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেছেন। জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪৩ লাখ ৯৩ হাজার ৪৯৭ টাকার সম্পদ অর্জন করার অভিযোগ দুদকের তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪, এর ২৬ (২) ও ২৭ (১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।