ডেস্ক রিপোর্ট

১৭ মার্চ ২০২২, ১০:৩৫ অপরাহ্ণ

মশা তাড়াতে গিয়ে খামারের ২৭টি গরুর মৃত্যু

আপডেট টাইম : মার্চ ১৭, ২০২২ ১০:৩৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক::  চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মশা তাড়ানোর ধোঁয়া থেকে আগুন লেগে ২৭টি গরু মারা গেছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের আখিলা গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে আখিলা গ্রামের মৃত আলহাজ সমির উদ্দিনের ছেলে আলহাজ সলেমানের খামারে থাকা ২৭টি গরুর সবগুলোই মারা গেছে।

ক্ষতিগ্রস্ত খামারি, স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাড়ির সঙ্গে লাগানো আলহাজ সলেমানের খামারে আগুন লেগে সবগুলো গরু মারা গেছে। গরুর খামারে মশা তাড়ানোর ধোঁয়া থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জানা যায়, মশা তাড়ানোর ধোঁয়া থেকে পরবর্তীতে বৈদ্যুতিক সংযোগের সঙ্গে সূত্রপাত ঘটে আগুন লেগেছে। পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে পুড়ে মারা যাওয়া গরুর মধ্যে রয়েছে ৩টি বড় ষাড়, ২২টি শাহীওয়াল বড় বকনা ও ২টি বাছুর। এতে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় খামারের বাইরে কোথাও আগুন ছড়াতে পারেনি। পরে অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) শামছুল আজম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আহম্মেদ, নাচোল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) মিন্টু রহমানসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় বাসিন্দা মামুন আলী বলেন, হঠাৎ আগুনের খবর পেয়ে উপস্থিত হয়ে দেখি মুহূর্তেই সবগুলো গরু আগুনে পুড়ে গেছে। খামারের একটি গরুও জীবিত নেই।

কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম জাকারিয়া জানান, খামারে মশা তাড়ানোর জন্য খড়ের ধোঁয়া দিয়ে নামাজ পড়তে যান খামারের মালিক সলেমান। পরে দেখতে পাই তার গরুর খামারে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরবর্তীতে আগুন বৈদ্যুতিক সংযোগের সঙ্গে সূত্রপাত ঘটে।

নাচোল থানা পুলিশের অফিসার-ইনচার্জ (ওসি) মিন্টু রহমান বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল পরিদর্শন করেছেন। ২৭টি গরু মারা যাবার পর বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নাচোল থানায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

নাচোল ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ইব্রাহিম আলী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম পাঠানো হয়। পরে ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে গরু ছাড়া আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আহম্মেদ মুঠোফোনে বলেন, আগুন লাগার খবর শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। খামারের সবগুলো গরু মারা যাবার বিষয়টি জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করেছি। ক্ষতিগ্রস্ত খামারিকে উপজেলা প্রশাসনের মাধ্যমে সহায়তা করা হবে।

শেয়ার করুন