ডেস্ক রিপোর্ট
১৭ মার্চ ২০২২, ৬:২২ অপরাহ্ণ
২১ মার্চ গ্যাসের মূল্যবৃদ্ধির গণশুনানির পাঁয়তারা অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আজ বৃহস্পতিবার, ১৭ মার্চ বিকালে সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় নেতৃবৃন্দ গ্যাসের মূল্যবৃদ্ধির নতুন পাঁয়তারা সম্পর্কে সরকারকে হুশিয়ার করে দিয়েছেন এবং বলেছেন নতুন করে আবার গ্যাসের মূল্য বৃদ্ধির তৎপরতা হবে জনগণের উপর নতুন অত্যাচারের সামিল; ‘মরার উপর খাড়ার ঘা’ এর মত।জনগণের বিরুদ্ধে এই ধরনের অপতৎপরতা কোনভাবেই বরদাস্ত করা হবে না।
সভায় নেতৃবৃন্দ গ্যাসের মূল্য বাড়াতে বি ই আর সি( বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন) কর্তৃক ২১ মার্চ গণশুনানি আয়োজনে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং অবিলম্বে গ্যাসের মূল্য বৃদ্ধির এই গণশুনানি বাতিল করার দাবি জানিয়েছেন। তারা বলেন, গণশুনানির পাঁয়তারা বন্ধ না হলে আগামী ২০ মার্চ সকালে টিসিবি ভবনের সম্মুখে বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
নেতৃবৃন্দ বলেন, খাদ্যপণ্যের অগ্নিমূল্যে জনজীবনে যখন নাভিশ্বাস উঠেছে, ঘরে ঘরে যখন হাহাকার, জীবনযাত্রার ব্যয় যখন লাগামহীন তখন গ্যাসের মূল্য বৃদ্ধির কোন অবকাশ নেই। তাছাড়া এই খাতের চুরি, দূর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার দায়ভার জনগণের উপর চাপানোর কোন সুযোগ নেই।
সভায় দ্রব্যমূল্যের ভয়াবহ পরিস্থিতি প্রতিরোধে ও মানুষকে রক্ষায় আগামী ২৮ মার্চ বাম জোট আহুত দেশব্যাপী হরতাল সফল করতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
সভায় খুলনা, সিরাজগঞ্জ, শান্তাহারসহ দেশের বিভিন্ন অঞ্চলে হরতালের প্রচার ও গণসংযোগে পুলিশ ও সরকার দলীয়দের বাঁধা প্রদানে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন জোটের কেন্দ্রীয় নেতা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি শাহ আলম,বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সহ সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাসদ- মার্কসবাদীর নেতা মানস নন্দি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেত্রী বহ্নিশিখা জামালী,আকবর খান, আবদুল্লাহ কাফি রতন, সমাজতান্ত্রিক আন্দোলনের আবদুল আলী, মো রুবেল ও ওয়ার্কার্স পার্টি- মার্কসবাদীর বিধান দাস প্রমুখ।