ডেস্ক রিপোর্ট

৭ মার্চ ২০২২, ৬:৪৪ অপরাহ্ণ

‘এই সংকটময় মুহূর্তে ব্যবসা করে তারা দু’পয়সা বেশি কামাই করতে চায়’

আপডেট টাইম : মার্চ ৭, ২০২২ ৬:৪৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক :: করোনাভাইরাসের কারণে বৈশ্বিক মন্দা ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সরকার দেশের বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য বাজার মনিটরিং করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে গেলে এখানেও সে প্রভাবটা পড়ে, আর কিছু সুবিধাভোগী শ্রেণি রয়েছে এই সুযোগটা নেয়ার জন্য।

শেখ হাসিনা সোমবার দুপুরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির ভাষণে এসব কথা বলেন।

রাশিয়া-ইউক্রেন পরিস্থিতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেটা নিয়েও একটা অস্বাভাবিক পরিস্থিতি (বিরাজ করছে) সারা বিশ্বে। যার কুফলটা আসছে। এখন আমরাও তার কুফল ভোগ করছি। আমাদের এখানেও কিছু জিনিসের দাম বাড়ছে। কারণ, আন্তর্জাতিক বাজারে যখন (দাম) বেড়ে যায়, তখন এর স্বাভাবিক কিছু প্রভাব পড়ে।

শেখ হাসিনা বলেন, তা ছাড়া, এখানে কিছু লোক আছেই, যারা এই সমস্ত একটু ব্যবসা করে দুই পয়সা কমাই করতে চায়। সেখানে মনিটরিং করার ব্যবস্থা আমরা করছি।

জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আমাদের খাদ্যের যেন অভাব না হয়। এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। যে যা পারবেন কিছু উৎপাদন করবেন। নিজের চাহিদা, নিজেই পূরণ করতে চেষ্টা করবেন। নিজের খাদ্য নিজেই জোগান দিতে চেষ্টা করবেন। যদি এটা আমরা করতে পারি, তাহলে আমাদের আর কারও মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং গণভবন থেকে সঞ্চালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আবদুর রাজ্জাক, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, শ্রম ও জনশক্তি সম্পাদক হাবিবুর রহমান সিরাজ প্রমুখ।

শেয়ার করুন