ডেস্ক রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২২, ১২:৫১ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সমন্বয়ক কমরেড সুশান্ত সিনহা সুমন এক বিবৃতিতে শাবিপ্রবির শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, শাবি’র ছাত্রী হলের শিক্ষার্থীরা তাদের হলের আভ্যন্তরীণ কতিপয় সমস্যার কথা জানালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রীদের সেই সমস্যা সমাধানের উদ্যোগ না নিয়ে ছাত্রীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। ছাত্রীরা এর প্রতিবাদে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথমে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী ব্যবহার করে হামলা চালিয়ে শান্তিপূর্ণ আন্দোলন দমনের চেষ্টা চালায়। সর্বশেষ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশ ডেকে এনে শিক্ষার্থীদের উপর নির্বিচারে লাঠিচার্জ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। শাবি কর্তৃপক্ষের এই আচরণ অত্যান্ত ন্যাক্কারজনক এবং বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি ঘৃণ্যতম ঘটনা। বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলা শাবিপ্রবির প্রশাসনের এই ঘৃণ্যতম ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে। সেই সাথে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছে।
বিবৃতিতে কমরেড সুশান্ত সিনহা সুমন অবিলম্বে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে শাবিপ্রবির বর্তমান ভিসিকে অপসারণ করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান।