ডেস্ক রিপোর্ট

১৪ জানুয়ারি ২০২২, ১২:০৩ পূর্বাহ্ণ

শার্শায় প্যান্টের ভেতরে মিললো ১০টি সোনার বার

আপডেট টাইম : জানুয়ারি ১৪, ২০২২ ১২:০৩ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি এলাকায় এক কেজি ১৬৫ গ্রাম ওজনের ১০টি সোনার বারসহ ইসমাইল হোসেন (৩৮) নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

ইসমাইল বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। এসময় পাচার কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলও (খুলনা মেট্রো এ-০২-২০৩৮) জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় বেনাপোল বিজিবি কোম্পানি সদরের কমান্ডার সুবেদার আকবর আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পাচারকারী চক্রের এক সদস্য যশোর থেকে সোনার একটি চালান নিয়ে বেনাপোল সীমান্তে দিয়ে ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে করে শার্শার শ্যামলাগাছি এলাকা দিয়ে বেনাপোল যাচ্ছে। এরপর অভিযান চালিয়ে ইসমাইল হোসেন নামের এক যুবককে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে প্যান্টের ভেতরে কৌশলে লুকানো অবস্থায় ১০টি সোনার বার পাওয়া যায়। জব্দকৃত সোনার ওজন এক কেজি ১৬৫ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৮২ লাখ ৫ হাজার টাকা। আটক ইসমাইল দীর্ঘদিন ধরে চোরাচালানের সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, সোনার বারসহ আটক যুবককে থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন