ডেস্ক রিপোর্ট
২৫ এপ্রিল ২০২১, ৮:১৬ অপরাহ্ণ
রাশেদ ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি:: লকডাউনে ঢাকা থেকে চলে আসা জয়পুরহাটের তোঁতা মিয়াকে গরু চুরির অপবাদ দিয়ে মধ্যরাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গাছের সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় দেহে পেট্রোল ঢেলে কোমর থেকে পা পর্যন্ত আগুন এবং দুই হাতে সিগারেটের আগুন দিয়ে ছেঁকা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গত শনিবার (২৪) এপ্রিল রাতে জয়পুরহাটের ধারকি পাথারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জয়পুরহাট থানায় মামলা হলে রোববার(২৫) এপ্রিল সকালে ধারকি পাথারপাড়া এলাকা থেকে রফিকুল ইসলাম(৭০) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়। জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভুঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভুঞা জানান ,ওই গ্রামের রিক্সাচালক তোঁতা মিয়াকে গরু চুরির সন্দেহ করে শনিবার সন্ধ্যায় স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে মধ্যরাতে ইউপি সদস্য সহ একই গ্রামের জুয়েল,আবু খয়ের ও নিজাম নামের তিন যুবক ডেকে নিয়ে গরু চুরির স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করে। তোঁতা মিয়া অস্বীকার করলে নির্জন মাঠের মধ্যে গাছের সাথে পিছমোরা করে বেঁধে হাতের তালুতে সিগারেটের আগুন দিয়ে ছেঁকা দিয়ে তারা নির্যাতন চালায়। পরে তার কোমর থেকে পা পর্যন্ত পেট্রল ঢেলে আগুন দিলে আগুনে দগ্ধ হয়ে তোতা মিয়া জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় ভোর ৪ টায় তোঁতা মিয়াকে মুমুর্ষ অবস্থায় জেলা আধুনিক হাসপাতালে ফেলে পালিয়ে যায়।
ভুক্তভোগীর স্ত্রী ডলি বেগম বলেন, আমার স্বামীকে তারা মধ্যযুগীয় কায়দায় পাষাণের মত মেরে পায়ে আগুন ও হাতে সিগারেটের ছ্যাঁকা দিয়েছে। আমি তাদের দ্রুত শাস্তি ও বিচার চাই।
পুলিশ সুপার বলেন, এ ঘটনায় আজ জয়পুরহাট সদর থানায় তোঁতা মিয়ার স্ত্রী ডলি বেগম ইউপি সদস্য রফিকুল ইসলাম সহ অজ্ঞাত আরো ৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের প্রত্যেককে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশ সুপার।