ডেস্ক রিপোর্ট

২৮ নভেম্বর ২০২১, ৩:৩৭ অপরাহ্ণ

তাইজুলের ৭ উইকেট, পাকিস্তানের বিপক্ষে ৪৪ রানের লিড বাংলাদেশের

আপডেট টাইম : নভেম্বর ২৮, ২০২১ ৩:৩৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বিনা উইকেটে ১৪৫ রানে তৃতীয় দিন শুরু করেছিল পাকিস্তান। তবে দিনের প্রথম দুই সেশনে শাসন করল বাংলাদেশের বোলাররা।

বোলিংয়ে আগেরদিনের ব্যর্থতা ঝেড়ে সফরকারীদের প্রথম ইনিংস ২৮৬ রানে থামিয়ে দিল টাইগাররা। পাকিস্তানকে অলআউট করার মিশনে সামনে থেকে নেতৃত্ব দিলেন তাইজুল ইসলাম। ২৯ বছর বছর বয়সী স্পিনার ৪৪.৪ ওভার ১১৬ রান দিয়ে নিয়েছেন ৭ উইকেট।

এই নিয়ে টেস্টে ৯ম বারের মতো এক ইনিংসে ৫ উইকেটের দেখা পেলেন তাইজুল। দিনের প্রথম ওভারে ওপেনার আবদুল্লাহ শফিক (৫২) ও আজহার আলীকে (০) এলবিডব্লিউর ফাঁদে ফেলে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন তিনি।

সেই সুযোগ হাতছাড়া হলেও প্রথম সেশনে ফাওয়াদ আলমকে (৮) ফেরান তাইজুল। তার আগে দুর্দান্ত এক ডেলিভারীতে অধিনায়ক বাবর আজমকে (১০) বোল্ড করেন আরেক স্পিনার মেহেদি হাসান মিরাজ।

মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানকে (৫) সাজঘরে ফেরান এবাদত হোসেন। পরে সাজিদ খানকেও (৫) বোল্ড করেন এই পেসার। এর আগে হাসান আলীকে (১২) নিজের পঞ্চম শিকার বানান তাইজুল। এরপর এলবিডব্লিউর ফাঁদে ফেলেন নওমান আলীকেও (৮)।

তবে শেষ উইকেটে বাংলাদেশকে অল্প হলেও ভুগিয়েছেন ফাহিম আশরাফ ও শাহীন আফ্রিদি। দিনের সবচেয়ে বড় জুটিটিই করেছেন এই দুইজন। তাদের ৭২ বলে ২৯ রানের জুটিও ভাঙেন তাইজুল। ৮০ বলে ৩৮ রান করা ফাহিমকে গ্লাভসে বন্দী করেন লিটন। ১৩ রানে অপরাজিত ছিলেন আফ্রিদি।

চট্টগ্রাম টেস্টে লিটন দাসের সেঞ্চুরিতে বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৩৩০ রান। দ্বিতীয় দিনে প্রথম ইনিংস শুরু করে কোনো উইকেট হারায়নি পাকিস্তান। তবে তৃতীয় দিনে ৫৮.৪ ওভারে ১৪১ রান করতে ১০ ‍উইকেট হারায় সফরকারীরা।

শেয়ার করুন