ডেস্ক রিপোর্ট

১১ নভেম্বর ২০২১, ১২:২১ অপরাহ্ণ

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে ফ্রান্স

আপডেট টাইম : নভেম্বর ১১, ২০২১ ১২:২১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের ব্যাপারে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে ফ্রান্স।
বুধবার সন্ধ্যায় প্যারিসের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এ কথা জানান।

এসময় মন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুতে সব জায়গাতেই আলোচনা হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্টে ইমানুয়েল ম্যাক্রোঁনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে রোহিঙ্গা ইস্যুটি অত্যন্ত গুরুত্ব পেয়েছে। এসময় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা ইস্যুটি উত্থাপন করবে বলে আশ্বস্ত করে ফ্রান্স।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁনের আমন্ত্রণে দেশটিতে সরকারি সফরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে আছেন পররাষ্ট্রমন্ত্রীও।

এদিকে, ইউনেসকোর সাধারণ সম্মেলনে অংশ নিতে এবং ফ্রান্স সরকারের আমন্ত্রণে মঙ্গলবার লন্ডন থেকে প্যারিসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে, ৩১শে অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য এবং ফ্রান্সে দুই সপ্তাহের সফরে স্কটল্যান্ডের গ্লাসগোতে পৌঁছান। গত ৩রা নভেম্বর প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড লিডারস সামিট কপ-২৬ ও অন্যান্য অনুষ্ঠানে যোগদান শেষে গ্লাসগো থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছান।

১২ নভেম্বর তিনি ইউনেস্কোর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অধিবেশনে যোগ দিতে ইউনেস্কো সদর দপ্তরে যাবেন এবং সেখানে তিনি ভাষণ দেবেন। পরদিন ১৩ই নভেম্বর শেখ হাসিনা প্যারিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন।

এরপর বিকেল ৪টায় (স্থানীয় সময়) তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে প্যারিসের চার্লস দ্যা গল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন এবং ঢাকার স্থানীয় সময় ১৪ই নভেম্বর সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

শেয়ার করুন