ডেস্ক রিপোর্ট
৮ নভেম্বর ২০২১, ৪:০০ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক :: করোনা মহামারি নিয়ন্ত্রণে লকডাউন ও অন্যান্য বিধিনিষেধ জারির কারণে বিশ্বের বিভিন্ন দেশের মতো পাকিস্তানেও খাদ্যপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে; তবে তা নিয়ন্ত্রণে অন্যান্য দেশের চেয়ে পাকিস্তান সফল বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।
রোববার এক টুইটে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা মহামারি ও লকডাউনের কারণে বিশ্বের বেশিরভাগ দেশে ভোগ্যপণ্যের দাম বেড়েছে, যা একেবারেই অনাকাঙ্ক্ষিত।’
‘কিন্তু মাশা আল্লাহ, পাকিস্তান অন্যান্য দেশের চেয়ে অনেক দক্ষভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হয়েছে।’
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পাকিস্তানের অর্থমন্ত্রণালয়ের মুখপাত্র মুজাম্মিল আসলামের একটি ভিডিও ক্লিপও শেয়ার করেছেন ইমরান খান। সেখানে মুজাম্মিল আসলাম বলেছেন- পাকিস্তানের অর্থনীতি বিপর্যস্ত অবস্থায় আছে- এমন ধারণা ভিত্তিহীন।
\
While an unprecedented rise in commodity prices internationally has adversely affected most countries in the world as a result of Covid lockdowns, Pakistan mashaAllah has fared relatively much better.https://t.co/KCKt8RipNs
— Imran Khan (@ImranKhanPTI) November 7, 2021
তবে ভিডিও ক্লিপে আসলাম স্বীকার করেছেন, পেট্রোলিয়াম, গ্যাস ও ভোজ্যতেলের দামের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই।
এদিকে, পাকিস্তানের বিরোধীদলগুলোর জোট পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম) শুক্রবার (৫ নভেম্বর) এক নতুন সরকারবিরোধী আন্দোলেনের ডাক দিয়েছে। পিডিএমের এবারের আন্দোলনের প্রধান ইস্যু- দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আর্থিক দুর্নীতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা।
আট-ঘাট বেঁধে আন্দোলনে নামতে জোটের প্রধান শরিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রেসিডেন্ট শেহবাজ শরিফ জোটভুক্ত অন্যান্য দলের শীর্ষ নেতাদের সঙ্গে ফোন ও ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ ও বৈঠক করছেন। পিডিএমের একাধিক নেতা পাকিস্তানের জাতীয় দৈনিক ডনকে জানিয়েছেন, পার্লামেন্টের ভেতরে ও বাইরের পরিস্থিতি সরকারের জন্য কঠিন করে তুলতে এবার দৃঢ় আন্দোলন গড়ে তোলার লক্ষ্য নিয়েছেন তারা।
তবে পাকিস্তানের মূলধারার বিরোধীদলগুলো পিডিএমে যোগ দিলেও সম্প্রতি জোট থেকে বেরিয়ে গেছে দেশটির অন্যতম বৃহৎ দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। এই দলটি যদি ফের জোটে ফিরে আসে, সেক্ষেত্রে আন্দোলন বাস্তবিক অর্থেই শক্তিশালী হয়ে উঠবে বলে জানিয়েছেন দেশটির রাজনীতি বিশ্লেষকরা।
পিডিএমের আন্দোলনের প্রস্তুতি গ্রহণের মধ্যেই টুইটারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার বার্তা দিলেন ইমরান খান।