ডেস্ক রিপোর্ট
৫ নভেম্বর ২০২১, ৭:৪০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে একেবারেই সুবিধা করতে পারেনি বাংলাদেশ দল। সুপার টুয়েলভ পর্বে নিজেদের খেলা পাঁচ ম্যাচের পাঁচটিতেই হার। সুপার টুয়েলভে খেলা প্রথম দল হিসেবে দেশের পথ ধরছে লাল-সবুজের প্রতিনিধিরা। মাঠের পারফম্যান্সে বিধ্বস্ত টাইগাররা। দেশে ফিরেও লুকাইতে চাইলেন মলিন মুখগুলো।
৪ নভেম্বর শেষ হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ। খালি হাতে আজ দেশে ফিরছে দল। যদিও একসঙ্গে নয়, দুই ধাপে দেশে ফিরছেন ক্রিকেটাররা। শুরুতে আজ (শুক্রবার) দেশে এসেছেন শরিফুল ইসলাম, নাইম শেখ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আফিফ হোসেন ও শামীম পাটোয়ারীসহ ৮ ক্রিকেটার। সঙ্গে ছিলেন টিম ম্যানেজমেন্টের ৩ সদস্য।
এরপর রাত ১১টায় ফেরার কথা আছে সৌম্য সরকার নুরুল হাসান সোহান ও শেখ মেহেদী হাসেনের। দুই ভাগে দল দেশে ফিরলেও সেখানে থেকে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাসরা। পরিবারের সঙ্গে সময় কাটাতেই ছুটি নিয়েছেন তারা।
আজ প্রথম পর্বে যারা ফিরেছেন তাদের কেউই কথা বলেননি বিমানবন্দরে উপস্থিত সংবাদমাধ্যম কর্মীদের সঙ্গে। নিজ নিজ গাড়িতে মাথা নিচু করে বিমানবন্দর ত্যাগ করেন তারা। অনেকেই ক্যামেরার লেন্স থেকে নিজেদের মুখ লুকাইতে চাইলেন।