ডেস্ক রিপোর্ট
৪ নভেম্বর ২০২১, ৮:০৪ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: এনডিএফ এর সভাপতি ও সেবা পত্রিকার সম্পাদক বিশিষ্ট কমিউনিস্ট বিপ্লবী নেতা ডাক্তার এম এ করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাম গণতান্ত্রিক জোট, বাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন সংগঠন।
বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ ও জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম, বাসদ এর সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী কমরেড জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পদক কমরেড মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী)’র ভারপ্রাপ্ত সমন্বয়ক কমরেড ফখরুদ্দিন কবীর আতিক, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক কমরেড হামিদুল হক আজ ৪ নভেম্বর ২০২১ সংবাদপত্রে দেয়া এক যুক্ত বিবৃতিতে এনডিএফ এর সভাপতি ও সেবা পত্রিকার সম্পাদক বিশিষ্ট কমিউনিস্ট বিপ্লবী নেতা ডাক্তার এম এ করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর রাজনৈতিক সহযোদ্ধা ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ডা. এম এ করিম ছিলেন এদেশের কমিউনিস্ট আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব। তিনি শোষিত, শ্রমজীবী মেহনতি মানুষের শোষণমুক্তির লক্ষ্যে আমৃত্যু সংগ্রাম করেছেন। তাঁর মৃত্যুতে বামপন্থি আন্দোলন একজন আপোষহীন অকুতোভয় সৈনিককে হারালো এবং বাংলাদেশের শ্রমিকশ্রেণি একজন অকৃত্রিম বন্ধুকে হারালো।
বিবৃতিতে নেতৃবৃন্দ ডা. এম এ করিমের অসমাপ্ত কাজ শোষণহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নেয়ার জন্য সকল বামপন্থি নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ::
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান আজ ৪ নভেম্বর ২০২১ সংবাপত্রে দেয়া এক বিবৃতিতে প্রবীণ কমিউনিস্ট নেতা এন.ডি.এফ এর সভাপতি ও সেবা পত্রিকার সম্পাদক ডা. এম এ করিম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর রাজনৈতিক সহকর্মী ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, ডাক্তার এম এ করিম দেশের শ্রমজীবী শোষিত মানুষের মুক্তি সংগ্রামে আমৃত্যু অবিচল ছিলেন। তাঁর মৃত্যুতে শ্রমিকশ্রেণি এক অকৃত্রিম বন্ধুকে হারালো।
বিবৃতিতে খালেকুজ্জামান ডাক্তার এম এ করিমের আমৃত্যু লালিত স্বপ্ন শোষনহীন সাম্য সমাজ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেয়ার জন্য সকল বামপন্থি নেতা কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি::
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে দেশের প্রবীণ রাজনীতিবিদ জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট(এন ডি এফ) এর সভাপতি ও সেবা পত্রিকার সম্পাদক ডাঃ এম এ করিম আর নেই। আজ মধ্যাহ্নে ঢাকায় আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ক’দিন ধরে তিনি গুরুতর অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি পরিবার ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিবৃতিতে তিনি ত্রিকালদর্শী এই বিপ্লবী জননেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তাঁর মৃত্যুতে দেশ তার এক বীর সন্তানকে হারিয়েছে।তাঁর প্রয়াণে দেশের বামপন্থী গণতান্ত্রিক আন্দোলন এক ত্যাগী, নিবেদিতপ্রাণ নেতা ও সংগঠককে হারিয়েছে। জীবনের সাত দশক তিনি সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্বপূর্ণ সময়ে নেতৃত্বদায়ী ভূমিকা পালন করেছেন। জনগণের অধিকার আর মুক্তি সংগ্রামেও তিনি অসাধারণ ভূমিকা গ্রহণ করেছেন। সেবা পত্রিকার সম্পাদক হিসাবেও তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন।
বিবৃতিতে তিনি প্রয়াত এম এ করিমের স্মৃতির প্রতি পরম শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর শোকসন্তপ্ত স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
সাম্যবাদী আন্দোলন-এর শোক:
বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী এক বিবৃতিতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এর সভাপতি, দেশের প্রবীণ বিপ্লবী নেতা কমরেড ডাঃ এম এ করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে কমরেড শুভ্রাংশু চক্রবর্তী বলেন, ‘দেশি-বিদেশি শোষকগোষ্ঠীর বিরুদ্ধে শোষিত মেহনতি মানুষের মুক্তির লড়াইয়ে কমরেড এম এ করিম একজন অগ্রণী নেতা হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। আমরা তাঁর সংগ্রামী স্মৃতির উদ্দেশ্যে সশ্রদ্ধ লাল সালাম জানাচ্ছি এবং তাঁর স্বজন ও সহযোদ্ধাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। ‘